টানা পাঁচ ঘণ্টা দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের স্পিকার নসিভিওয়ে মাপিসা নকাকুলার জোহানেসবার্গের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশের একটি এলিট ইউনিট। দুর্নীতির অভিযোগ থাকায় রাষ্ট্রীয় কৌঁসুলিদের পক্ষে পুলিশ ইউনিট এ অভিযান চালায়। মঙ্গলবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অভিযোগ উঠেছে, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় মাপিসা নকাকুলার চুক্তি প্রদানের বিনিময়ে ঘুষ নিয়েছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। তবে পাঁচ ঘণ্টার তল্লাশির সময় তদন্তকারীদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন মাপিসা নকাকুলার।
বর্ণবাদবিরোধী সংগ্রামের সঙ্গে জড়িত ৬৭ বছর বয়সী মাপিসা নকাকুলার ২০২১ সালে দেশটির স্পিকার হন। এর আগে তিনি ৯ বছর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
বিজনেস ডে পত্রিকার প্রতিবেদন অনুসারে, মন্ত্রী থাকাকালীন মাপিসা নকাকুলার বিরুদ্ধে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এক লাখ ২০ হাজার মার্কিন ডলার নেওয়ার অভিযোগ রয়েছে। মহাদেশের অন্য কোথাও থেকে দক্ষিণ আফ্রিকায় সেনা সরঞ্জাম ফেরত পাঠানোর জন্য একটি টেন্ডার নিশ্চিত করতে এ বিনিময় হয়েছিল।
