বেঁধে দেওয়া দাম না মেনে উল্টো ৭ দাবি

সরকারের কৃষি বিপণন অধিদপ্তর থেকে খুচরা পর্যায়ে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়াকে অবিবেচনা ও কল্পনাপ্রসূত, অসার, অর্থহীন আখ্যা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। একই সঙ্গে কৃষি বিপণন অধিদপ্তরকেই নির্ধারণ করে দেওয়া পণ্যগুলো বিক্রি করার দাবি জানিয়েছে সমিতি।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এই বক্তব্য দেন এবং সাত দফা দবি তুলে ধরেন।

সমিতির কেন্দ্রীয় দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়াসহ অন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি খুচরা বাজারে মাছ, মাংস, ডিম, ডাল ও সবজির মতো ২৯টি পণ্যের খুচরা পর্যায়ে মূল্য নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। রোজার শুরুতেই খেজুর ও চিনির দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি অতি সাধারণ মানের খেজুরের ১৫০ থেকে ১৬৫ ও প্রতি কেজি চিনির মূল্য ১৪০ টাকা নির্ধারণ করে মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করে দেওয়া যায় না। এখন ২৯ পণ্যের দর নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা এ দামে এসব পণ্য কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বিক্রির অনুরোধ জানাই। একই সঙ্গে পণ্যগুলোর বিক্রি হওয়া লাভ দিয়ে কর্মকর্তারা বেতন নেবেন। হয় তাদের বেঁধে দেওয়া দামে কৃষি বিপণনকে বিক্রি করতে হবে, না হলে এ প্রজ্ঞাপন স্থগিত করতে হবে। আমরা এ দামে বিক্রি করতে পারব না।’

হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এ শ্রেণির ব্যবসায়ীরা পণ্যের দাম ভোক্তার নাগালের মধ্যে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দোকান মালিক সমিতির দাবির মধ্যে রয়েছে প্রজ্ঞাপন স্থগিত, বিভিন্ন পণ্যের আমদানি ও উৎপাদনের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা, টিসিবির সক্ষমতা বৃদ্ধি, প্রাথমিকভাবে পণ্য আমদানি করে বিপণনের ব্যবস্থা করা, বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানো এবং নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য একই মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা।

 বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা, ব্যবসায়ীদের বিভিন্ন সংস্থার চাপমুক্ত অবস্থায় ব্যবসা করার সুযোগ দেওয়া, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ওপর আরোপিত সব ধরনের ট্যাক্স ভ্যাট কমিয়ে সহনশীল পর্যায়ে আনা।

হেলাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বে চরম অর্থনৈতিক মন্দাবস্থা বিরাজ করছে। পণ্যের উৎপাদন ব্যয় ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় পাইকারি ও খুচরা মূল্য বেড়েছে। অন্যদিকে ভোক্তাদের ক্রয়ক্ষমতা আনুপাতিক হারে কমছে।’

পরিস্থিতি দুর্যোগময় উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণির অনেকেই পুঁজি হারিয়ে সর্বস্বান্ত। যারা টিকে আছেন, তারাও অতিকষ্টে দিনাতিপাত করছেন। ঠিক সেই মুহূর্তে কৃষি বিপণন অধিদপ্তরের পণ্যমূল্য বেঁধে দেওয়া অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত। এতে সরকার ও ব্যবসায়ী উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

হেলাল উদ্দিন আরও বলেন, ‘কৃষি বিপণন অধিদপ্তর ও টিসিবির মূল্যতালিকা সামঞ্জস্যপূর্ণ নয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাজারে ভয়াবহ পণ্য সংকট তৈরি হতে পারে। বিভিন্ন জেলা থেকে জানানো হয়েছে, খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগি বিক্রি করার সাহস পাচ্ছেন না ব্যবসায়ীরা। ফলে বাংলাদেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র শ্রেণির ব্যবসায়ীরা আবারও ব্যবসা পরিচালনা করতে প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন।

দাম বেঁধে দেওয়ার বিষয়টি কেন কল্পনাপ্রসূত এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করে দেওয়ার সুযোগ নেই, চাহিদা ও জোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হবে। বাজার ঠিক করতে গেলে বিপণন অধিদপ্তর নিজেই বাজারে পণ্য বিক্রি করতে পারে। সেই সুযোগ তাদের আছে।’

তিনি বলেন, কারও সঙ্গে আলোচনা না করে এভাবে দাম বেঁধে দেওয়ার কারণে বাজারে পণ্যের সংকট হচ্ছে; অভিযান হচ্ছে খুচরা দোকানে। উৎপাদক পর্যায়ে তদারকি না বাড়িয়ে খুচরা ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। এ ছাড়া বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান দোকান মালিক সমিতির নেতারা।