অবন্তিকার আত্মহত্যা

রিমান্ড শেষে আম্মান কারাগারে, গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় দুদিনের পুলিশ রিমান্ডে থাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে তোলা হলে আম্মানকে তিনি কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে রিমান্ডে অভিযুক্ত আম্মান ও দ্বীন ইসলাম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও বাদীর আইনজীবী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম হিরা বলেন, আদালত আম্মান সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে। এ ছাড়াও তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার একই মামলার অন্য আসামি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। আগামী রবিবারের মধ্যেই পুলিশের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

অবন্তিকা আত্মহত্যা প্ররোচনা মামলার বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, পুলিশের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আম্মান। অবন্তিকার সঙ্গে আম্মানের দূরত্ব বাড়ে তার বাবার মৃত্যু নিয়ে। কুমিল্লা সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিন ছিলেন অবন্তিকার বাবা। এক বছর আগে তিনি মারা যান। আইনজীবী জানান, অবন্তিকার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অভিযোগ ওঠার পর তার বাবা ও মাকে ডেকে নিয়ে সতর্ক করেন জবি উপাচার্য। অভিযোগটি মিথ্যা হলেও এ নিয়ে বিব্রত ছিলেন তার বাবা-মা। মুচলেকা দিয়ে মেয়ে আর এমন করবে না বলে জানান তার বাবা অধ্যাপক জামাল উদ্দিন। এরপর থেকে অবন্তিকাকে নিয়মিত মানসিক টর্চার করত আম্মান ও তার সঙ্গীরা। এসবের অভিযোগও দিয়েছিলেন অবন্তিকা। প্রতিকার হয়নি।

গতকাল বুধবার দুপুর ১টায় কালো মাইক্রোতে করে পুলিশের প্রায় ১০ সদস্যের একটি দলের নিরাপত্তায় আম্মান সিদ্দিকীকে আদালতে আনা হয়। এ সময় তার মুখে মাস্ক পরা ছিল। পরে তাকে আদালতের কাঠগড়ায় তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, রিমান্ডে দুই আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

কুমিল্লা সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিনের মেয়ে ফাইরুজ সাদাফ অবন্তিকা গত ১৫ মার্চ রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও ‘পিসি পার্ক স্মরণিকা’ নামের দশতলা ভবনের দোতলার বাসায় আত্মহত্যা করেন। মৃত্যুর ১০ মিনিট আগে নিজের ফেসবুক আইডির টাইমলাইনে তার মৃত্যুর জন্য সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলামকে দায়ী করেন।

শিক্ষার্থীবান্ধব সক্রিয় যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকরের দাবি : স্বাধীন, শিক্ষার্থীবান্ধব ও প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সক্রিয় যৌন ও সব প্রকার নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ দাবি জানান। এ ছাড়াও আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বিবিএ ভবনে ফাইরুজ সাদাফ অবন্তিকা এবং কলা ভবনে অংকন বিশ্বাসের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করবে। এদিকে গতকাল রাজশাহীতে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখা অবন্তিকার আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

জবির আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় অঙ্গনে একটি গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে যথার্থ মানবিক সম্পর্ক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সংস্কার ছাড়া সামগ্রিকভাবে একটি বিকল্প সুস্থ পরিবেশ তৈরি করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী ইভান তাহসীব পাঁচটি দাবি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ফাইরুজ সাদাফ অবন্তিকা হত্যার সমস্ত প্রমাণ আমলে নিয়ে দ্রুততম সময়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিশ্ববিদ্যালয় আইনে এবং রাষ্ট্রীয় আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুততম সময়ে সম্পূর্ণ প্রভাবমুক্ত যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করতে হবে। তিনি আরও বলেন, অংকন বিশ্বাসসহ আগের দায়ের করা সব অভিযোগের দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আগের প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে গ্রহণযোগ্য তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। ফাইরুজ অবন্তিকা এবং অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে দুটি স্থায়ী ফলক নির্মাণ করতে হবে।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী শাহ সোবহান সাকিব বলেন, যৌন নিপীড়ন বিরোধী সেল স্বাধীনভাবে এবং সর্বোচ্চ ক্ষমতা নিয়ে তার কার্যক্রম ও প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিভাগের শিক্ষক, প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারা শিক্ষার্থীরা যে ধরনের সামাজিক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বাইরে এই সেল স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করবে। প্রক্টরিয়াল বডির প্রভাবমুক্ত সেল গঠন করতে হবে। এই সেল সরাসরি উপাচার্য মহোদয় কর্তৃক পরিচালিত হবে। সেলের কমিটিতে রাজনৈতিক ও অন্যান্য প্রভাবমুক্ত নিরপেক্ষ শিক্ষার্থী প্রতিনিধি থাকবে। এই সেলে বহিঃসদস্য হিসেবে কমপক্ষে একজন আইনজীবী ও একজন মানবাধিকার কর্মী নিয়োগ করতে হবে। এই সেল শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা যাচাই করে, সিন্ডিকেট মিটিংয়ের অপেক্ষা না করে, দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করবে।

রাজশাহীতে সমাবেশ : নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় বলেন, আমরা যৌন নীপিড়ন ও হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন চাই। অবন্তিকাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, এটাকে হত্যাকা- বলা হয়। এমন কাঠামোগত হত্যাকা- প্রতিনিয়তই ঘটছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে দেশ মেধা শূন্য হয়ে যাবে।

এ সময় বক্তারা অবন্তিকার মৃত্যুর ঘটনায় প্ররোচনাকারী ওই বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দীন ইসলামের কঠোর শাস্তি দাবি করেন।

সমাবেশ জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, নারীনেত্রী শিখা রায়, অনুসূয়া সরকার, সেলিনা বানু, নুরুন্নাহার বেগম, নুরুন্নাহার পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও জবি প্রতিনিধি।