ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজারব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মনে করেন, জনগণ বিএনপির এই ডাকে সাড়া দেবে না।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার দূরভিসন্ধি বিএনপির মানসিক বৈকল্যেরই বহিঃপ্রকাশ। তাদের ভারতীয় পণ্য বয়কটের ডাক দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে দেশের জনগণ তাদেরই বয়কট করবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, উগ্র মানসিকতাসম্পন্ন অবিবেচক হলে, কতটা কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলে।’
ওবায়দুল কাদের বলেন, আজ বিশ্ব বাস্তবতায় এবং আঞ্চলিক ভূকৌশলগত অবস্থানের দিক দিয়ে ভারত আমাদের তিন দিকেই বেষ্টিত। একদিকে শুধু মিয়ানমার।
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় অংশই ভারত থেকে আসে উল্লেখ করে তিনি বলেন, এর সুবিধাও আছে। দূর দেশ থেকে আমদানি খরচও বেশি।
নির্বাচনে না এসে তাদের মস্ত বড় খেসারত দিতে হচ্ছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির এক সিনিয়র নেতা দেশের গণতন্ত্র উদ্ধারে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইছেন। অপরদিকে বিএনপিরই এক জুনিয়র নেতা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছেন। আসলে বিএনপির রাজনীতি এলোমেলো, গোলমেলে। এখন কাকে খুশি করতে চাইছেন তারা এটা বুঝতে পারছি না। বিএনপি আসলে কোন পথে চলবে? তারা এখন পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে পড়েছে এবং দিশেহারা হয়ে যখন যা খুশি তাই বলছে, যা খুশি করছে।’
বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক বাংলাদেশেরই বেশি ক্ষতি করেছে এমন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘সম্পর্ক ভালো রেখেই সুবিধা আদায় সম্ভব; যা করে দেখিয়েছে আওয়ামী লীগ। ছিটমহল বিনিময়, সীমান্ত চুক্তি বাস্তবায়ন করেছি। এখন তিস্তা, ফেনী নদীর পানিবণ্টনসহ যেগুলো সমাধান হয়নি সম্পর্ক ভালো থাকায় এগুলো নিয়ে ইতিবাচক অগ্রগতি আছে, সমাধানও সম্ভব। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে লাভ নেই।’
পাকিস্তান আমল থেকেই ভারত বিরোধিতার নামে সাম্প্রদায়িক রাজনীতি চলছে, এমন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘আজকে ভারতীয় পণ্য বয়কটের ডাক এটা তারই অবিচ্ছেদ্য অংশ।’
বিএনপি নেতাদের দমনপীড়নের অভিযোগের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে একে একে প্রায় সব নেতা জেল থেকে বের হয়ে গেছেন। অথচ মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে বলছেন, তাদের ওপর দমনপীড়ন চলছে। এখানে দমনপীড়ন কোথায়? এটা কি স্ববিরোধী বক্তব্য নয়?’
এ সময় ভারতের ভূমি দিয়ে ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে ভারত নিমরাজি হবে না বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘ভুটানের রাজা বাংলাদেশে আসছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। ভুটানের রাজার পরিবারের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর পারিবারিক সম্পর্ক আছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা।