বিবৃতিতে ফখরুল

নিরপরাধ মানুষ সরকারি জুলুমের শিকার হচ্ছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আইনের শাসনহীন এ দেশে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন।’ গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

সম্প্রতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মী শেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে জেলে পাঠায়।

এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘৭ জানুয়ারির আওয়ামী ডামি সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাচ্ছে। মাহমুদুল হক রুবেলসহ ২২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করা ও জেলে পাঠানো জুলুমের আরও একটি নজির।’

মির্জা ফখরুল বলেন, ‘রোজার প্রাক্কালে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সুপেয় পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন চড়ামূল্যে মানুষ চোখে অন্ধকার দেখছে। এমন পরিস্থিতিতে সরকার বিএনপিসহ বিরোধী দলের শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের নতুন মিথ্যা মামলায় আটক করে এবং জামিন নামঞ্জুর করে জেলে পাঠিয়ে নিপীড়ন অব্যাহত রেখেছে।’

ফখরুল বলেন, ‘নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। ক্ষমতাসীনদের দৌরাত্ম্যে মানুষ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। সব অপকর্ম আড়াল করতে ডামি সরকার জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে। অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া এখন নিয়ম। আইনের শাসনহীন এ দেশে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছে। ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর ফ্যাসিস্ট আওয়ামী কর্তৃত্ববাদী সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে। শ্বাসরুদ্ধকর এ পরিস্থিতির অবসান ঘটাতে মানুষ আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে চায়।’

বিবৃতিতে মাহমুদুল হক রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীর মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

সহযোগিতা সেল গঠন

গুম, খুন ও পঙ্গুত্বের শিকার দলের নেতাকর্মীদের পাশে থাকার জন্য ‘আমরা বিএনপি পরিবার’ নামে সেল গঠন করেছে দলটি। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএনপি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপি’র নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে ‘আমরা বিএনপি পরিবার’ নামে সেল গঠন করা হয়েছে। এর প্রধান পৃষ্ঠপোষক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা এবং দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।’

আরও বলা হয়, সেলের আহ্বায়ক করা হয়েছে সাংবাদিক আতিকুর রহমান রুমনকে ও সদস্য সচিব করা হয়েছে কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনকে (মিথুন)। নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মো. মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাকিল আহমেদ, মো. রুবেল আমিন ও মো. শাহাদত হোসেন এ সেলের সদস্য।