বিচারের জন্য ভারতে ৩৫ সোমালি জলদস্যু

আটক ৩৫ সোমালি জলদস্যুকে বিচারের জন্য ভারতের মুম্বাইয়ে আনা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া আইএনএস কলকাতা জাহাজটি গতকাল শনিবার ভোরে বন্দরে এসে পৌঁছেছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভারতের নৌবাহিনীর মুখপাত্র বিবেক মাধওয়াল জানিয়েছেন, এক দশকেরও বেশি সময়ের মধ্যে এবারই প্রথম জলদস্যুদের বিচারের মুখোমুখি করার জন্য ভারতে আনা হলো।

গত ১৭ মার্চ সোমালিয়ার উপকূল থেকে প্রায় ২৬০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির নিয়ন্ত্রণ নেয় ভারতীয় নৌ কমান্ডোরা। এরপর জাহাজটির ১৭ জন ক্রুকে উদ্ধার করে। এর মধ্যে নয়জন মিয়ানমারের, সাতজন বুলগেরিয়ার এবং অ্যাঙ্গোলার একজন। গত ডিসেম্বরে আরব সাগরের উত্তরে সোকোত্রার পূর্বে মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন নামের বুলগেরিয় জাহাজটিকে ছিনতাই করে সোমালি জলদস্যুরা।