মাদক ব্যবসায়ীর পিঠের চামড়া থাকবে না, হুঁশিয়ারি দিয়ে এলাকায় মাইকিং

‘মাসুদ এলাকার মাদক সম্রাট। সে হিরোইন খোর ও ইয়াবা ব্যবসায়ী। তাই তার পিঠের চামড়া থাকবে না’ এমন হুমকি দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে মাইকিং করেছে দিপু মোল্লা নামের এক যুবক। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকাজুড়ে দেখা দিয়েছে সমালোচনার ঝড়।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া ও নলুয়া এলাকায় এই মাইকিং করা হয়েছে। মাদক ব্যবসায়ী মাসুদ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়ার দক্ষিণপাড়া গ্রামের এনায়েতের ছেলে। মাইকিংকারী যুবক দিপু মোল্লা একই গ্রামের আমির হামজা মোল্লার ছেলে। 

মাইকিং করে দিপু মোল্লা বলেন, ‘কয়েড়া ঈদগাঁ মাঠ সংলগ্ন মাদক সম্প্রাট হিরোইন খোর ও ইয়াবা ব্যবসায়ী মাসুদ দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত। যা রাষ্ট্রের জন্য ভয়ংকর। এলাকায় মাদক কারবারী করলে মাসুদের পিঠের চামড়া থাকবে না। তাই আজ শনিবার সন্ধ্যার পর মাসুদের বাড়ির সামনে মাদকবিরোধী গণসভার আয়োজন করা হয়েছে। এলাকার সকলের উপস্থিত কামনা করছি। অনুরোধক্রমে- নলুয়া ও কয়েড়া ঈদগাঁ মাঠের সাবেক সভাপতি মো. খসরু মিয়া, কয়েড়া ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল সরকার ও সমাজ সেবক তুলা শেখ।

এমন অভিযোগের বিষয়ে জানতে মাসুদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে মাইকিংকারী দিপু মোল্লার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

ইউপি সদস্য মো. রুবেল সরকার জানান, ‘শনিবার সন্ধ্যার দিকে দিপু মোল্লা নামে এক ছেলে মাসুদকে জড়িয়ে এলাকায় মাইকিং করেছে এবং তার বাড়ির সামনে গণ সভার ডাক দিয়েছে। আমি গিয়ে মাইকিং করার কারণ জানতে চাইলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে ক্ষমা চেয়েছে দিপু।’

তিনি জানান, দিপুর বাবা আমির হামজাসহ আরও বেশ কয়েকজন মাদকের সঙ্গে জড়িত। মাসুদের সঙ্গে প্রায়ই দিপুর বাবা মাদক সেবন করতো। এ নিয়ে কিছুদিন আগে মাসুদ ও দিপুর সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে দিপু মোল্লা মাসুদের বিরুদ্ধে এমন মাইকিং করেছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।