টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় সেচ প্রকল্প ও শিল্পকারখানা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। চুরি ঠেকাতে পুরস্কার ঘোষণা ও মাইকিং করেও মিলছে না সুফল। বাধ্য হয়ে নিজেদের সেচ প্রকল্পের ট্রান্সফরমার রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকরা। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের দক্ষ ও অসাধু টেকনিশিয়ানদের যোগসাজশ ছাড়া এভাবে সচল ট্রান্সফরমার চুরি করা সম্ভব নয়।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ১৬ মাসে তাদের আওতাধীন এলাকা থেকে ৩৮২টি ট্রান্সফরমার ও আটটি তিন ফেজ মিটার চুরি হয়েছে। চুরি হওয়া এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
সূত্র জানায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নাগরপুরে ৪৮টি, মির্জাপুরে ৪৭টি, টাঙ্গাইল সদরে ৪৫টি, এলেঙ্গা জোনে ৩৭টি, দেলদুয়ারে ৩৬টি, বাসাইলে ৩০টি এবং গোড়াই জোনাল এলাকায় ২৪টি ট্রান্সফরমার চুরি হয়। এরপর চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মাত্র চার মাসে চুরি হয়েছে আরও ১১৫টি।
চুরি হওয়া ট্রান্সফরমারের মধ্যে ৫ কেভিএর ১৭২টি, ১০ কেভিএর ১৩৫টি, ১৫ কেভিএর ৪৬টি, ২৫ কেভিএর ২১টি, ৩৭ দশমিক ৫ কেভিএর ছয়টি এবং ৫০ কেভিএর দুটি রয়েছে।
এদিকে, গত এক বছরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলায় আরও প্রায় ২০০টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ১২ উপজেলায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে সেচ কার্যক্রম ও কলকারখানা পরিচালিত হয়। ট্রান্সফরমারের ভেতরে থাকা মূল্যবান তামা ও পিতলের কয়েল, তেল, লোহার কোর এবং বুশিংয়ের লোভে চোরচক্র এসব ট্রান্সফরমার চুরি করছে। অনেক ক্ষেত্রে খুঁটির ওপরেই ট্রান্সফরমার ভেঙে মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায় তারা। ফেলে রেখে যায় শুধু খালি খাঁচা। পরে তামার তারের পিভিসি আবরণ পুড়িয়ে তা বিক্রি করা হয়।
কিছু এলাকায় সেচ প্রকল্পের পাহারাদার ও মিলশ্রমিকদের মারধর এবং হাত-পা বেঁধে রেখে ট্রান্সফরমার লুটের ঘটনাও ঘটেছে। গত ৩ অক্টোবর রাতে মাইক্রোবাসে করে আসা ৬-৭ জনের একটি দল কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার একটি মিলের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে শ্রমিকদের মারধর ও হাত-পা বেঁধে ট্রান্সফরমারটি নিয়ে যায়।
অন্যদিকে, ঘাটাইলের লক্ষ্মীন্দর ইউনিয়নে এক চোরকে হাতেনাতে আটক করা হলেও গ্রাম্য সালিশে বেত্রাঘাতের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
গত সেপ্টেম্বর ও অক্টোবরে সখীপুর উপজেলায় একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনার পর চোর ধরিয়ে দিতে সম্মানজনক পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ। এ নিয়ে গত ২ নভেম্বর উপজেলাজুড়ে দিনব্যাপী মাইকিং করা হয়। কিন্তু এর মাত্র দুই দিনের মাথায়ই এলাকায় আরও দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।
বিদ্যুৎ বিভাগের নিয়ম অনুযায়ী, প্রথমবার ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য গ্রাহককে অর্ধেক মূল্য দিতে হয়। দ্বিতীয়বার চুরি হলে পরিশোধ করতে হয় পুরো দাম। এতে আর্থিক সংকটে পড়ছেন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা।
নাগরপুর উপজেলার নয়াপাড়া গ্রামের কৃষক মাসুদ রানা জানান, ৫০ একর জমিতে ধান চাষ করেন তিনি। সম্প্রতি চোরেরা তাঁর সেচ প্রকল্পের ট্রান্সফরমারের সব যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। ফেলে রেখে যায় শুধু খাঁচাটি। পরে বাধ্য হয়ে গরু বিক্রির টাকা দিয়ে নতুন ট্রান্সফরমার কিনতে হয়েছে তাঁকে।
দেলদুয়ার উপজেলার ভুক্তভোগী শরিফুল ইসলামের ট্রান্সফরমার চুরি হয় গত ২৫ সেপ্টেম্বর। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় এত ভারী ট্রান্সফরমার সাধারণ মানুষের পক্ষে নামানো অসম্ভব। এর পেছনে অবশ্যই বিদ্যুৎ বিভাগের অভিজ্ঞ ও অসাধু লোকজনের হাত রয়েছে। কর্তৃপক্ষ কঠোর না হলে এই চুরি বন্ধ হবে না।’
এ বিষয়ে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি মিজানুর রহমান বলেন, বিভিন্ন এলাকা থেকে প্রায়ই ট্রান্সফরমার চুরির খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় গ্রাহকরা আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ভোগান্তিতে পড়ছেন। চুরির ঘটনায় মামলা হয়, পুলিশ আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। কিন্তু কয়েক দিন পর জামিনে বের হয়ে তারা আবারও চুরিতে জড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, চোরচক্রের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার টেকনিশিয়ানদের যোগসাজশ রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে জড়িতদের সহজেই শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব। পাশাপাশি চুরি প্রতিরোধে সমিতির কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর পাশাপাশি কৃষকদের আরও সচেতন হতে হবে।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, সমিতির গ্রাহকসংখ্যা প্রায় পাঁচ লাখ ৭২ হাজার ৫০০। এর মধ্যে সেচগ্রাহক রয়েছেন প্রায় ৪০ হাজার। ট্রান্সফরমার চুরি প্রতিরোধে করণীয় নির্ধারণের জন্য সমিতির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, সমিতির আওতাধীন প্রায় ৪০ হাজার সেচগ্রাহকের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন সময়ে ব্রিফিং করা হয়। মূলত গ্রাহকদের সচেতনতা বাড়ানোর মাধ্যমেই এ ধরনের চুরি প্রতিরোধ করা সম্ভব।