এনআইডি সেবা দ্রুত নিশ্চিতের তাগিদ ইসি আহসানের

নাগরিকদের ভোগান্তি কমাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দ্রুত নিশ্চিত করার তাগিদ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

গতকাল রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস-আইডিইএ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিবছর এনআইডি সংশোধনের লাখ লাখ আবেদন জমা পড়ে নির্বাচন কমিশনে। নিয়মতান্ত্রিক উপায়ে তা সংশোধন করতে গিয়ে অনেকেই ভোগান্তির শিকার হন বলে অভিযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইন ও অফলাইনে সক্রিয় হয়ে উঠেছে একাধিক চক্র। এনআইডির সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে বিভিন্ন সময় কমিশন মাঠপর্যায়ের কর্মকর্তাদের আলটিমেটাম দিলেও খুব বেশি কাজ হয়নি।

কর্মশালায় ইসি আহসান হাবিব বলেন, নাগরিকের তথ্য-উপাত্ত সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সিএমএসে স্বয়ংক্রিয়ভাবে আবেদনের ক্যাটাগরি দিতে হবে। যাতে সম্মানিত নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করা যায়। এ ছাড়া উপজেলা পর্যায়ে নাগরিকদের বায়োমেট্রিক যাচাই করার সুবিধা চালু করার তাগিদ দেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি আশা করি দুদিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় সংশ্লিষ্ট সমস্যাগুলো বিস্তারিতভাবে আলোচিত হবে এবং এর উত্তরণের উপায় বের হয়ে আসবে।’

ইসি আহসান বলেন, বাংলাদেশ ‘স্মার্ট বাংলাদেশ’-এ রূপান্তরে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি অনুবিভাগ আইডিইএ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সেবা, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা হালনাগাদ ও প্রস্তুতে কারিগরি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ওই কর্মযজ্ঞের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে অতিথি ছিলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম, আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান, আইডিইএ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।