আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যেসব নিবন্ধিত দল দলীয় প্রতীকে অংশ নিতে চায় তাদের তালিকা ইসিতে পাঠানোর অনুরোধও জানিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রবিবার ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩-এর বিধি ১৫-এর উপবিধি (৩) (গ) (ইইই) উল্লেখ করে চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য নিবন্ধিত দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকাসংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠাতে হবে। একই সঙ্গে ওই পত্রের অনুলিপি নির্বাচন কমিশনে পাঠানোর জন্য অুনরোধ জানিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।
এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন। আগামী ৮, ২৩ ও ২৯ মে এবং ৫ জুন চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হবে। ইতিমধ্যে প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। আর ভোট হবে ৮ মে।