পাকিস্তানে আত্মঘাতী হামলায় পাঁচ চীনা নাগরিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবারপাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটে। এর আগে দেশটির একটি নৌঘাঁটিতে পাল্টাপাল্টি হামলায় এক সেনা ও চার ‘জঙ্গি’ নিহত হন। খাইবারপাখতুনখোয়ার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলি গান্দাপুর বলেন, চীনা প্রকৌশলীদের বহনকারী গাড়ি বহর ইসলামাবাদ থেকে খাইবারপাখতুনখোয়ার দাসু এলাকার দিকে যাচ্ছিল। এ সময় আত্মঘাতী হামলাটি চালানো হয়। এই ঘটনায় পাঁচ চীনা নাগরিক এবং তাদের গাড়ির চালকরা নিহত হন। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। দাসুতে এর আগেও নানা সময়ে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। ২০২১ সালে এখানে একটি বাসে আত্মঘাতী হামলায় ৯ চীনা নাগরিকসহ ১৩ জন নিহত হয়েছিলেন।