কাদের বললেন

ইস্যু না থাকলেই ভারত বিরোধিতা সামনে আসে

স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারে না, এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আবুল কাশেম, এম এ হান্নানসহ অনেকেই যেমন স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন, তেমনি জেনারেল জিয়াও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। প্রশ্ন হচ্ছে, ঘোষক কে? এ বিতর্কের অবসান তখনই হবে যখন আমরা সত্যের অনুসন্ধান করতে যাব।’

তিনি বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ম্যান্ডেট এ অঞ্চলের জনগণের পক্ষ থেকে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন। আর কারোর অধিকার নেই স্বাধীনতার ঘোষক হওয়ার। তারপরও স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক হয়। এত বছর পরও একই বিতর্ক চলছে। আমাদের কথা হচ্ছে, ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না।’

ভারতবিরোধিতা প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পাঁচ দশক পরও বিএনপি স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করছে। বিরোধিতা আগেও হয়েছে, এখনো হচ্ছে। এটা নতুন কিছু নয়। পাকিস্তান আমল থেকেই এটা হয়ে আসছে। যখন কোনো ইস্যু থাকে না, তখনই ভারতবিরোধিতার ইস্যু সামনে আসে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আজ এত বছর পর আমাদের ভাবতে হচ্ছে এ দেশেরই মানুষ, এ দেশেরই অগণতান্ত্রিক সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে। তারা আমাদের বিজয়, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অন্তরায় সৃষ্টি করে যাচ্ছে। আমাদের শপথ নিতে হবে, বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়ের সংহতকরণে বাধা হয়ে আছে, সে অপশক্তিকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করব, প্রতিহত করব।’