যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে নিখোঁজ ৬

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় একটি দীর্ঘ সেতু ভেঙে পড়েছে। প্যাটাপসকো নদীর ওপর নির্মিত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ ‘ফ্রান্সিস স্কট কি ব্রিজ’ নামের সেতুটি ভাঙার পর বহু হতাহতের কথা বলা হয়েছিল। তবে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত বিশ্ব গণমাধ্যমে ছয়জন নিখোঁজের সংবাদ দেওয়া হয়। ঘটনাস্থলে উদ্ধারকারীদের তৎপরতা রয়েছে বলে জানানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, সেতুটির যে অংশ ধসে পড়েছে সেখানে ঘটনার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘দ্য ডালি’ ছিল। গতকাল প্রথম প্রহরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময়ের একটি লাইভ ভিডিওতে দেখা যায়, একটি জাহাজ সেতুটিতে আঘাত করার পর সেটির স্প্যানগুলোর একটি বড় অংশ ধসে পড়ে।

বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ এই ঘটনাকে বড় ধরনের হতাহতের ঘটনা বলে বর্ণনা করে। পরে তারা জানায়, তাদের কর্মীরা নদীতে পড়ে যাওয়া সাতজনের খোঁজ করছে। সেতু থেকে বেশ কয়েকটি গাড়ি নদীতে পড়ে যাওয়ার খবরও পাওয়া গেছে। উল্লেখ্য, পরে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় নিখোঁজ সংখ্যা এখন ৬।

ঘটনার পর মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর এবং অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তারা বলেন, ঘটনার পর অনেক বিষয়েই প্রশ্ন রয়েছে। উদ্ধার অভিযানের ওপরই তাদের যাবতীয় নজর এখন। এখন খতিয়ে দেখা হবে, কী কারণে ঘটল এবং কীভাবে এটি এড়ানো যেত।

ঘটনা সম্পর্কে গভর্নর মুর বলেন, জাহাজটির গতি ছিল অত্যধিক বেশি। কিন্তু পরে পর্যালোচনা করে দেখা গেছে, দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্যই জাহাজটির গতি বাড়ানো হয়েছিল।