পশ্চিমা বিশ্বের আরেক দেশ আয়ারল্যান্ডে ইসরায়েলপন্থি অবস্থান দুর্বল হলো। দেশটির তরফে বলা হয়েছে, গাজায় নৃশংস গণহত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে (আইসিজে) যে মামলা করেছে তাতে তারা ‘হস্তক্ষেপ’ করবে। ‘হস্তক্ষেপ’ শব্দটি দ্বারা তারা বুঝিয়েছে, তারা এই মামলায় অংশগ্রহণ করতে চায় এবং ইসরায়েলকে কড়া ইঙ্গিত দিতে চায়। সেইসঙ্গে হামাসেরও তারা সমালোচনা করেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিকায়েল মার্টিন গত বুধবার বলেন, ‘হামাস গত ৭ অক্টোবর ঘটিয়েছে এবং পরবর্তী সময়ে গাজায় এখন যা ঘটছে তা গণহারে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের নির্লজ্জ নজির’।
আইরিশ মন্ত্রী আরও বলেন, ‘বেসামরিক মানুষদের জন্য সহযোগিতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রত্যাহার করা, বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ চালাল এবং জনবহুল জায়গায় বিস্ফোরক ভর্তি অস্ত্র ব্যবহার করা হয়েছে। সামরিক উদ্দেশে বেসামরিক মানুষকে ব্যবহার করা হয়েছে। পুরো জনগোষ্ঠীর ওপর সামষ্টিক আক্রমণ চালানো হচ্ছে। ঘটনার তালিকা অনেক দীর্ঘ। এগুলো বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাব স্পষ্ট; যথেষ্ট হয়েছে।’
গত জানুয়ারিতে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরভিক্তিক আইসিজের নির্দেশনায় বলা হয়, ইসরায়েলকে গণহত্যাজনিত কর্মকা- রুখতে পদক্ষেপ নিতে হবে। উল্লেখ্য, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা এই মামলা করে।
তবে মার্টিন পরিষ্কার করেননি, ঠিক কোন প্রক্রিয়ায় তারা ওই মামলায় সংশ্লিষ্ট হবে বা হস্তক্ষেপ করবে। এতে আয়ারল্যান্ড যুক্তি তুলে ধরবে কি না তাও পরিষ্কার নয়। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি বিশ্লেষণ করার পর এবং পরামর্শকদের সঙ্গে আলোচনার পর দক্ষিণ আফ্রিকাসহ আরও কয়েকটি অংশীদারের সঙ্গে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরাসরি কারও পক্ষ না নিয়ে গণহত্যা সনদের ওপর বেশি জোর দেবে আইরিশ প্রশাসন বলে তিনি জানান।
এদিকে উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৬২ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৩২ হাজার ৫৫২ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে মোট ৭৪ হাজার ৯৮০ জন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এসব তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মতে, গাজার ওপর ইসরায়েলি যুদ্ধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখ-ের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। ভূখ-ের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত।
সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। পাস হওয়া প্রস্তাবে যুদ্ধবিরতির পাশাপাশি উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হাতে থাকা জিম্মিদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির বিষয়টিও উল্লেখ রয়েছে। তবে এরপরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন।