শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকোর ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করা নিয়ে বিতর্কের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে ইউনূস সেন্টার। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনূস সেন্টার তাদের বক্তব্য তুলে ধরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আজারবাইজানের বাকুতে ২০২৪ সালের ১৪-১৬ মার্চ অনুষ্ঠিত একাদশ বিশ্ব বাকু ফোরামে বিশেষ বক্তা হিসেবে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বাকু ফোরামের আয়োজক নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের মহাসচিব রভশান মুরাদভ প্রফেসর ইউনূসকে পাঠানো ইমেইলে জানান, ওই সম্মেলনে বক্তব্য রাখা ছাড়াও এর সমাপনী দিনে প্রফেসর ইউনূসকে ইউনেসকো প্রদত্ত একটি পুরস্কার দেওয়া হবে। নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার থেকে প্রফেসর ইউনূসকে পাঠানো বাকু ফোরামের অফিশিয়াল প্রোগ্রামেও প্রফেসর ইউনূস ইউনেসকোর পুরস্কার গ্রহণ করবেন বলে উল্লেখ আছে।
নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার থেকে প্রফেসর ইউনূসকে পাঠানো বাকু ফোরামের অফিশিয়াল প্রোগ্রামেও প্রফেসর ইউনূস ইউনেসকোর পুরস্কার গ্রহণ করবেন বলে উল্লেখ আছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর ইউনূসকে বাকু ফোরামের সমাপনী ডিনারে যোগ দেওয়ার বিষয়টি বিশেষভাবে মনে করিয়ে দেওয়া হয়, যাতে তিনি ‘ট্রি অব পিস’ পুরস্কারটি গ্রহণের জন্য স্টেজে সশরীরে উপস্থিত থাকেন। প্রফেসর ইউনূসকে পাঠানো ইমেইলে নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের মহাসচিব রভশান মুরাদভ জানান, এই সম্মেলনে বক্তব্য রাখা ছাড়াও এর সমাপনী দিনে প্রফেসর ইউনূসকে ইউনেসকো প্রদত্ত একটি পুরস্কার দেওয়া হবে। ইউনূস সেন্টার ২০২৪ সালের ২১ মার্চ তারিখের প্রেস রিলিজে ইউনেসকোর পুরস্কারের বিষয়টি উল্লেখ করে। প্রফেসর ইউনূসকে প্রদত্ত ‘ট্রি অব পিস’ ২০১৪ সালে প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য। এর আগে ২০২৩ সালের জুনে প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্তৃক ইউনেসকোর প্রধান কার্যালয় পরিদর্শনের সময় ইউনেসকো এবং প্রফেসর ইউনূস প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন ইউনূস স্পোর্টস হাবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার উদ্দেশ্য ছিল ইউনেসকোর ফিট ফর লাইফ ফ্ল্যাগশিপের অধীনে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করে যাওয়া।
এদিকে ‘ট্রিস অব পিস’ নিয়ে ড. ইউনূস প্রতারণা করেছেন শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য সমীচীন হয়নি বলে মন্তব্য করেছেন তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন। গতকাল দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। পৃথিবীর প্রায় সব স্বীকৃত পুরস্কার তিনি পেয়েছেন। বিশ্বজুড়ে তার খ্যাতি রয়েছে। এমন একজন মানুষের প্রতি এ ধরনের কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক থাকা বাঞ্ছনীয়।’