নবম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা সহপাঠীদের

নাটোরের নলডাঙ্গায় হিমেল হোসেন নামে এক স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের ভেতরে এ ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হিমেল হোসেন (১৫) উপজেলার পিপরুল গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে পাটুল-হাপানিয়া স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

আটক ব্যক্তিরা হলেন একই এলাকার পার্থ, মেহেদি, সুজন ও শিমুল। এদের মধ্যে পার্থ ও মেহেদী নিহত হিমেলের সহপাঠী।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সহপাঠী পার্থ মোবাইল ফোনে হিমেলকে পিপরুল ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে ডেকে নেয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পায় তার পরিবার। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং পুলিশকে বিষয়টি জানান।

পরে মোবাইল ফোনকলের সূত্র ধরে হিমেলের বন্ধু পার্থকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে ১২টার দিকে পিপরুল ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন থেকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় হিমেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া হিমেলের অপর বন্ধু মেহেদী, শিমুল ও সুজন নামে আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

ওসি মনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। খুব অল্প সময়ের মধ্যে হত্যাকা-ের রহস্য জানা যাবে। প্রাথমিকভাবে নিহত হিমেলের মাথায় আঘাত, গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।