কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার পালকি সিনেমা হল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে ওই নারী মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম মোল্লা বলেন, তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।