ভারসাম্য রেখে সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র-চীন

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে সামরিক বিষয়ে একাধিক বৈঠক করেছেন মার্কিন ও চীনা সামরিক কর্মকর্তারা। গত ৩ এবং ৪ এপ্রিল হনলুলুতে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছিল। এ সময় ভারসাম্য রেখে সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিলিটারি মেরিটাইম কনসালটেটিভ এগ্রিমেন্ট (এমএমসিএ) ওয়ার্কিং গ্রুপ নামে পরিচিতি এই আলোচনাটি ২০২১ সালের পর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম সামরিক বৈঠক।

এর আগে অবশ্য দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণের বিষয়ে গত মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারও আগে গত নভেম্বরে দুই নেতার মধ্যে বৈঠক হয়েছিল। তখন সরাসরি সামরিক আলোচনা আবারও শুরু করতে সম্মত হয়েছিলেন তারা।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকগুলোতে উভয় দেশের কর্মকর্তারা গত কয়েক বছর ধরে নিরাপত্তা বিষয়ক ঘটনাগুলো পর্যালোচনা করেছেন। একইসঙ্গে সমুদ্র ও আকাশপথে অপারেশনাল সেফটি ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়েও আলোচনা করেছেন তারা।