ঈদের ছুটির সময়টিকে কাজে লাগাতে পারো কিছু অবশ্যপাঠ্য বই পড়ার মাধ্যমে। স্কুলজীবনেই পড়া উচিত এমন চারটি বই নিয়ে লিখেছেন সুলতানা রাজিয়া
দীপু নাম্বার টু
মুহম্মদ জাফর ইকবাল শিশু, কিশোর-কিশোরীদের কাছে তুমুল জনপ্রিয়। তার সর্বাধিক পঠিত বই সম্ভবত দীপু নাম্বার টু। স্কুলে ভর্তি হয় একটি ছেলে, নাম দীপু। কিন্তু ওই ক্লাসে আরেকটি দীপু থাকার কারণে নতুন ছেলেটির নাম হয়ে যায় দীপু নাম্বার টু। স্কুলজীবনের নানা মজার, রোমাঞ্চকর ঘটনা এবং চিরায়ত বন্ধুত্বের অপূর্ব গল্প নিয়ে রচিত জাফর ইকবালের কিশোর উপন্যাস দীপু নাম্বার টু। না পড়ে থাকলে পড়তে দেরি করো না।
গল্পগুচ্ছ
রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ বাংলা সাহিত্যের অবশ্যপাঠ্য বই। কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, সব বয়সের উপযোগী এ গল্পগুলো বাংলা সাহিত্যে অন্যতম আকরগ্রন্থ। লেখকের প্রতিটি গল্পের স্বাদ আলাদা। এই বই পড়ার পরে চারপাশের পরিবেশ নতুনরূপে উপস্থিত হবে তোমার কাছে। জাদুর কাঠির ছোঁয়ায় বদলে যাবে চেনা পরিবেশ। লেখক তার কলমের নিপুণ আঁচড়ে সমাজের নিত্যকার ঘটনাবলির অসাধারণ ও কালজয়ী চিত্রায়ণ করেছেন বইটিতে। এই পড়ার মাধ্যমে বইপড়ার অভ্যাসও হয়ে যাবে। কারণ, বইটি হাতে নিলে শেষ না করে রাখা যায় না।
যদ্যপি আমার গুরু
জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বাংলার বোদ্ধামহলে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নিজে কোনো বই রচনা না করলেও বহু লেখক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী তার দ্বারা অনুপ্রাণিত, তার প্রতি বিশেষ কৃতজ্ঞ। তার স্নেহভাজন লেখক, বুদ্ধিজীবী, কথাসাহিত্যিক আহমদ ছফা স্মৃতি থেকে লিখেছেন গুরু আবদুর রাজ্জাকের সঙ্গে তার আলাপন। এর মাধ্যমে উঠে এসেছে সে সময়ের নানা ঘটনা। প্রজ্ঞাময় নানা নির্দেশনায় ভরা বইটি তোমাকে আলোড়িত করবে নিঃসন্দেহে।
শঙ্খনীল কারাগার
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের লেখা ‘শঙ্খনীল কারাগার’ও রাখতে পারো তোমার লিস্টে। খোকার পরিবারকে ঘিরে গড়ে ওঠে উপন্যাসটির গল্প। এখানে একটি পরিবারের সদস্যদের মধ্যকার অটুট বন্ধনকে চিত্রায়িত করেছেন লেখক। সাধারণ মধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রাম ও সুখ-দুঃখের বিবরণে ভরপুর বইটি তোমার হৃদয় ছুঁয়ে যাবে।