পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কুকি-চিন পুরো পাহাড়ে অশান্তি তৈরি করতে পারবে না। সরকার শক্ত অবস্থান নিয়েছে। সার্বিকভাবে পাহাড়ে শান্তি বিঘ্নিত হবে না।’
গতকাল রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা ঘুরে এসেছেন। সেখানে যৌথ অভিযান চলছে।
বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে ইস্যু খোঁজে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এখন বিএনপি কুকি-চিন ইস্যু করেছে। এটা বিচ্ছিন্ন ঘটনা। এর দ্বারা পুরো পাহাড়ের সার্বিক শান্তি পরিস্থিতিতে ইমপ্যাক্ট (প্রভাব) পড়বে না। কাজেই এটা নিয়ে নতুন ইস্যু খুঁজেও ব্যর্থ হবে।’
বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই, এমন খোঁচা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শক্তি-সামর্থ্য সবই তারা হারিয়ে ফেলেছে। নেতাকর্মীরা দলটির নেতৃত্বের ওপর হতাশ। তারেকের ওপর হতাশ। তাদের নেতা দেশে নেই, রিমোট কন্ট্রোলে আন্দোলন হবে? এটা কি সম্ভব! আন্দোলন করতে হলে রাজপথে এসে করতে হবে। রিমোট কন্ট্রোলের ডাকে জনগণ সাড়া দেবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, ‘একটা রাজনৈতিক দল যারা তাকে দেশনেত্রী বলে, তার মুক্তির জন্য মির্জা ফখরুল কি আন্দোলন করেছেন? পাঁচশ লোকের একটা মিছিলও করতে পারেননি। আইনি লড়াইয়ে আদালত উপেক্ষা করে বারবার সময়ক্ষেপণ করেছেন। এটা না করলে বিষয়টা অনেক আগেই সেটেল হয়ে যেত। বিএনপি আন্দোলনে ব্যর্থ। বেগম জিয়ার আইনি লড়াইয়েও ব্যর্থ। তাদের এখন চোখের পানি, কান্না, দীর্ঘশ্বাস এগুলো সম্বল।’
আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নির্বাচন উন্মুক্ত মানে উন্মুক্ত পরিবেশে নির্বাচন করার ইচ্ছা বাসনা অনেকেরই থাকতে পারে। তিনি বলেন, ‘আমাদের বক্তব্য এমপি (সংসদ সদস্য) সাহেবরা বা মন্ত্রী মহোদয়রা কোথাও কোনো প্রভাব বিস্তার করবেন না। প্রশাসন নিরপেক্ষ থাকবে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ হস্তক্ষেপ করলে তা যেন সফল করতে না পারে। আর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর কেউ দলীয় নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আওয়ামী লীগের আগাম সম্মেলন হবে কি না প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সম্মেলন করবে। এটা বিএনপি নয়। সময়মতো আওয়ামী লীগের সম্মেলন হবে, আগাম নয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।