স্বজনদের সঙ্গে ঈদ উৎসব উদযাপনে হাজার হাজার মানুষ বাড়ি ফিরছে। ফলে বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটিরও বেশি।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৭ হাজার ২৩২ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৬ হাজার ১৯৫ যানবাহন চলাচল করেছে। আর এতে মোট টোল আদায় হয়েছে তিন কোটি তিন লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে সেতুপূর্ব টোল প্লাজায় ১ কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা ও সেতু পশ্চিম টোল প্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন পারাপার হয়েছে। আজকেও প্রচুর যানবাহন পারাপার হচ্ছে।