মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রিত

মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১৪ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত রবিবার রাত ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের খারাংখালি পয়েন্ট দিয়ে ৫ এবং একই দিন সকালে হোয়াইক্যং সীমান্ত দিয়ে ৯ জন অনুপ্রবেশ করেছেন বলে জানা গেছে। পরে তাদের বিজিবির সদস্যরা নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নেন। বর্তমানে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৪ বিজিপির সদস্য আশ্রিত হিসেবে রয়েছেন।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘রবিবার সকালে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯ সদস্য টেকনাফের হোয়াইক্যং সীমান্তে অনুপ্রবেশ করে। পরে একই দিন রাতে আরও পাঁচ বিজিপির সদস্য খারাংখালি সীমান্ত পয়েন্ট দিয়ে ঢোকেন। পরে তাদের নিরস্ত্র করা হয়। ভাষাগত সমস্যাসহ নানা কারণে তাদের সম্পূর্ণ পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে যেটুকু তথ্য সংগ্রহ করেছি, তাতে সবাই মিয়ানমারের বর্ডার পুলিশের সদস্য। তারা আমাদের হেফাজতে রয়েছেন।’