দেশ জুড়ে তাপপ্রবাহ

স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ২ থেকে ৭ ডিগ্রি বেশি

বৈশাখের শুরুতে প্রচণ্ড গরম পড়েছে দেশে। টানা কয়েক দিন বেড়ে চলেছে তাপপ্রবাহ। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস (খেপুপাড়া), যা স্বাভাবিকের ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়ার এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক দেশ রূপান্তরকে বলেন, সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি হলেও স্টেশনভেদে কোথাও কোথাও ৪২ ডিগ্রি পর্যন্ত অনুভূত হচ্ছে। খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ওই এলাকায় গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

তিনি বলেন, আগামী কয়েক দিন উপকূলীয় অঞ্চল বরিশাল ও চট্টগ্রামে তাপপ্রবাহ বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হবে।

এই আবহাওয়াবিদ জানান, ‘কয়েক দিন ধরে গরমের অনুভূতি কম থাকলেও আজকে (সোমবার) থেকে বেড়েছে। সারা দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গড় তাপমাত্রা ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, যা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। তিনি বলেন, বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সিলেটে প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে পুরো মাসই তাপপ্রবাহ থাকবে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রংপুর, নীলফামারীসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। তবে বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

আগামীকাল বুধবার বৃষ্টিপাতের আওতা আরও বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ দিনেও বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।