নরসিংদীতে প্রকাশ্যে ব্যস্ত বাজারে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কয়েক রাউন্ড গুলির পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ছাড়া ঈদুল ফিতরের ছুটি চলাকালে গত বুধবার থেকে গতকাল পর্যন্ত ছয় দিনে দেশের বিভিন্ন জায়গায় হত্যার শিকার হয়েছে আরও ১১ জন।
এর মধ্যে ফেনীর ছাগলনাইয়ায় টাকা চুরির অভিযোগ এনে মাকে গাছের সঙ্গে বেঁধে ছেলেকে পিটিয়ে, লক্ষ্মীপুর সদরে অবৈধভাবে মাটি উত্তোলনে বাধা দেওয়ায় নারীকে কুপিয়ে, সিরাজগঞ্জের শাহজাদপুরে সালিশি বৈঠকে ইউপি সদস্যের নেতৃত্বে বৃদ্ধকে পিটিয়ে, ঢাকার সাভারে কিশোর গ্যাং সদস্যরা ছুরিকাঘাত করে রংমিস্ত্রিকে এবং আশুলিয়ায় ডাকাতরা গুলি করে কারখানার নিরাপত্তাকর্মীকে, ঝিনাইদহের শৈলকুপায় পিটিয়ে যুবককে, নীলফামারীতে স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন গলা টিপে স্বামীকে, গোপালগঞ্জে চাচাতো ভাইকে চাচাতো ভাই কুপিয়ে, পটুয়াখালীর দুমকিতে ভাতিজা চাচাকে কুপিয়ে, গাজীপুরে অটোরিকশাচালককে পিটিয়ে এবং রাজধানী ঢাকায় এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নরসিংদীতে হত্যার শিকার ইউপি সদস্যের নাম রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল (৩২)। তিনি আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ভৌয়ম গ্রামের শাজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ইউপি সদস্য রুবেল আহাম্মেদ গতকাল দুপুরে পাকুড়িয়া বাজারে যান। কাজ শেষে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে প্রাইভেট কার আরোহী একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর ছয় রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন রুবেল। পরে দুর্বৃত্তরা তার শরীরের ওপর বসে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। প্রকাশ্য এমন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা বলেন, আমদিয়া ইউনিয়ন পরিষদের বিগত নির্বাচনে নিহত রুবেলের সঙ্গে একই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ইমরুল। ওই সময় এই দুই প্রার্থীর মধ্যে একাধিকবার হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটে। ওই নির্বাচনে কেন্দ্রে প্রভাব খাটিয়ে রুবেল বিজয়ী হন। এ নিয়ে ইমরুলের সঙ্গে দ্বন্দ্ব আরও ঘনীভূত হয় রুবেলের। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
ফেনীর ছাগলনাইয়ায় টাকা চুরির অভিযোগ এনে মাকে গাছের সঙ্গে বেঁধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যাংক কর্মকর্তার পরিবারের বিরুদ্ধে। গত শনিবার বিকেলে উপজেলার বাথানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত নুর মোহাম্মদের (১৮) মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নুর মোহাম্মদ নোয়াখালীর সুধারাম থানার আন্দারচর গ্রামের নুর ইসলামের ছেলে। সে বাথানিয়া গ্রামে এক বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করত। পুলিশ অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা মঈন উদ্দিনকে আটক করেছে। তিনি বাথানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানান, মরদেহের পিঠ, কোমর, হাত, পাসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বাড়ির পাশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে বাধা দেওয়ায় লক্ষ্মীপুর সদরে মধ্যরাতে ঘরে ঢুকে জোৎস্না আক্তার (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর স্বামী আলাউদ্দিনকেও (৩৬) কুপিয়ে গুরুতর আহত করা হয়। গতকাল ভোরে ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মেঘনা বাজার এলাকার নুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বড় চানতারা গ্রামে সালিশ বৈঠক চলাকালে দুপক্ষের কথাকাটাকাটির জেরে ইউপি সদস্য জিন্নাহ ফকিরের নেতৃত্বে চান মোল্লা (৭৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মারধরে বৃদ্ধ চান মোল্লার পক্ষের আরও ১৫ জন আহত হন। গত রবিবার দুপুরে সোনাতনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য জিন্নাহ ফকিরের বড় চানতারার বাড়িতে সালিশ বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।
ঢাকার সাভারে ছিনতাকারী ও কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি আলামিন ওরফে ক্রিম আলামিনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর কোটবাড়ী-আরাপাড়া বালির মাঠ এলাকায় সাজ্জাদ হোসেনকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সাভারের আশুলিয়ায় ডাকাতের গুলিতে একটি কারখানার এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। গত রবিবার রাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আবদুল কাদের (৫৮) নামে ওই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। এর আগে ওইদিন ভোরে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকার আমির দেওয়ানের বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি। নিহত আবদুল কাদের কুটুরিয়া এলাকার নিট ২০০৭ লিমিটেড কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
নীলফামারীতে ঈদের ছুটি কাটাতে এসে স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী। ঈদের আগের দিন বুধবার রাতে ঘুমন্ত স্বামী লাবু মিয়াকে (২২) গলা টিপে স্ত্রী সাথী আক্তার (২০) হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এতে সহযোগিতা করেন সাথীর বাবা মিন্টু মিয়া ও মা সাবিনা বেগম। ঈদের দিন বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে সাথী ও তার মাকে গ্রেপ্তার করে। পরে ওইদিন সন্ধ্যায় নীলফামারীর আদালতে ১৬৪ ধারায় সাথী ও তার মা হত্যায় জড়িত থাকার কথা জানিয়ে স্বীকারোক্তি জবানবন্দি দেয়।
গোপালগঞ্জে ঈদের ছুটি কাটতে এসে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন সদর উপজেলার বড়ফা গ্রামের মহিন মীনা (৪০) নামে এক ব্যক্তি। গত মঙ্গলবার বাড়িতে এসেছিলেন তিনি। ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। বাড়িতে আসার পরদিন সকালেই চাচাতো ভাই নজরুল মীনা কুপিয়ে ও পিটিয়ে মহিন মীনাকে হত্যা করে বলে অভিযোগ তার পরিবারের সদস্যদের। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, এজমালি পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পটুয়াখালীর দুমকিতে ভাতিজার দায়ের কোপে চাচা সাবেক পুলিশ সদস্য আ. আজিজ সিকদার (৭০) খুন হয়েছেন। গত শনিবার বেলা ১১টার দিকে লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী জানায়, গ্রামের আলতাফ সিকদারের সৌদি ফেরত ছেলে শহিদ শিকদার (২৮) হঠাৎ আজিজ সিকদারকে দা দিয়ে কোপাতে থাকে। গুরুতর জখম আজিজ সিকদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার ঘটনায় বাগ্বিত-ার একপর্যায়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মাসুদ রানা (৩৫) ঝিনাইদহের মহেশপুর থানার আলামপুর এলাকার আলাল উদ্দিনের ছেলে। গত শনিবার সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে পরদিন মো. আশিক বাবু (২৩) এবং আরাফাত হোসেন রাহাত (১৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপায় নীলপূজায় কাদা খেলা নিয়ে দ্বন্দ্বে সন্ন্যাসীদের পিটুনিতে স্বাধীন বিশ্বাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রবিবার রাতে উপজেলার ভগবান নগর গ্রামের আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন বিশ্বাস ওই গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে।
সিরাজগঞ্জের তাড়াশের মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের বাজার থেকে অপহরণের পর ৬ লাখ টাকা মুক্তিপণ চেয়ে না পেয়ে মাদ্রাসাছাত্র মারুফ হোসেনকে (১২) হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও সলঙ্গা থানার বনপাড়া ক্যাডেট মাদ্রাসার পঞ্চম শ্রেণির আবাসিক ছাত্র। র্যাবের একটি দল ঈদের দিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে ঝুড়ঝুড়ি বাজারের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর মারুফের লাশ উদ্ধার করে। এ ছাড়া এই অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এর আগে ঈদের ছুটিতে বাড়িতে এসে গত ৬ এপ্রিল দুপুরে পাশের ঝুড়ঝুড়ি বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল মারুফ হোসেন।
ফাঁকা ঢাকায় এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুন : রাজধানী ঢাকায় মধুমতী ব্যাংকের এটিএম বুথে হাসান মাহমুদ (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার ভোরের দিকে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের নিচতলায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, টাকা চুরি করতে গিয়ে বুথ ভাঙতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। এরপর নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করে চলে যায়। পরে বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বিস্তারিত জানতে এটিএম বুথের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক এবং সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতাদের তথ্যে প্রতিবেদনটি তৈরি