আ.লীগ ও যুবলীগ নেতার বিরোধে প্রাণ গেল যুবকের

ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে নাটোর পৌরসভা চত্বরে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে নাটোর পৌর কার্যালয় চত্বরে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরকে আটক করেছে। 

নাটোর সদর থানা পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম শিশির (২৫)। তিনি পৌরসভার  ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান হিরোর অনুসারী। আহত হাসানুর রহমান হাসু একই ওয়ার্ডের যুবলীগ সাধারণ সম্পাদক।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সে সময় ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও আহত হাসুকে আটক করা হয়েছে। 

তিনি জানান, পুরনো একটি ঠিকাদারি কাজের টাকার ভাগ নিয়ে রোকনুজ্জামান হিরোর সঙ্গে বিরোধ চলছিল হাসানুর রহমান হাসুর। এ নিয়ে দুপুরে পৌর কার্যালয় চত্বরে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হাসু ও হিরোর সমর্থক শিশির একে অপরের ওপর হামলা চালান। রক্তাক্ত অবস্থায় উভয়কে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশিরকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সাঈদ স্বপন বলেন, স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে নাটোর সদরে আনার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণ পর শিশিরকে আবার সদর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়। 

এদিকে এটিকে দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। এর আগে তিনি বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নিয়েছিলেন বলেও জানান।