শিশুদের খাওয়ার উপযোগী দুগ্ধ ও খাদ্যশস্যজাত পণ্য বিক্রিতে দ্বৈতনীতির অভিযোগ উঠেছে বহুজাতিক প্রতিষ্ঠান ‘নেসলে’-এর বিরুদ্ধে। একটি প্রতিবেদনে অভিযোগ করা হচ্ছে, স্থূলতা ও দীর্ঘস্থায়ী রোগপ্রতিরোধে উন্নত বিশ্বের মানুষের জন্য যেসব নির্দেশনা অনুসরণ করে, তা দরিদ্র দেশগুলোর ক্ষেত্রে মেনে চলে না এই প্রতিষ্ঠান। বিশে^র বৃহত্তম ভোগ্যপণ্য প্রতিষ্ঠানটি শিশুদের দুধ ও অন্যান্য খাদ্যশস্যজাত পণ্যে বাড়তি চিনি ও মধু যোগ করে যা ক্ষতিকর হিসেবে বর্ণিত।
সুইজারল্যান্ডের তদন্তকারী সংস্থা ‘পাবলিক আই’ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে শিশুখাদ্যের নমুনা সংগ্রহ করে বেলজিয়ামের একটি পরীক্ষাগারে পাঠায়। এই পরীক্ষার ফলে দেখা যায়, এক বা এর চেয়ে বেশি বয়সী শিশুদের জন্য প্রস্তুতকৃত দুধ ‘নিডো’ এবং ছয় থেকে দুই বছর বয়সী শিশুদের খাদ্যশস্যজাত পণ্যে সুক্রোজ ও মধুর রূপে বাড়তি চিনি প্রয়োগের প্রমাণ পাওয়া গেছে।
পক্ষান্তরে নেসলের প্রধানতম ইউরোপীয় বাজার যুক্তরাজ্যের একই ধরনের শিশুখাদ্যে চিনি প্রয়োগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, ওই প্রতিবেদনে পণ্য উৎপাদনের ক্ষেত্রে নেসলের দ্বৈতনীতির প্রকাশ ঘটেছে। এতে অনুন্নত দেশে স্থূলতা ও আরও নানা স্বাস্থ্যগত সমস্যার হার বাড়ছে।