ভারতের ১৮তম লোকসভা নির্বাচন আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। এর আগে গতকাল বুধবার সারা ভারতে পালিত হয়েছে রামনবমী উৎসব। ভোটের আগে এই দিনকে লুফে নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অযোদ্ধায় রামমন্দির উদ্বোধনের পর এটি প্রথম রামনবমী, তাও আবার ভোটের আগে। বিজেপি তাই হিন্দুত্ববাদী ভাবাবেগকে ছড়িয়ে দিতে সারা দেশেই ব্যস্ত ছিল। রামনবমীর আগের দিন পশ্চিমবঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রামনবমীর আগের দিন গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের বালুরঘাট এবং রায়গঞ্জে দুটি নির্বাচনী সভা করেন। রাজ্যটিতে ক্ষমতাসীন সরকার বিজেপির রামনবমীর মিছিল নিয়ে কড়াকড়ি আরোপ করলে এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। এ নিয়ে ওইদিন কথা বলেন মোদি। তিনি বলেছিলেন, ‘এবারের রামনবমী অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এই প্রথম এমন রামনবমী হচ্ছে, যখন অযোধ্যার ভব্য মন্দিরে রামলালা বিরাজমান। আমি জানি, তৃণমূল সব সময় রামনবমী পালনে যথাসম্ভব বাধা দিয়ে এসেছে। নানা রকম চক্রান্ত হয়েছে। কিন্তু জয় পেয়েছে সত্য।’
তৃণমূল সরকারের বিধিনিষেধ আদালতে বাতিল হওয়ার পর গতকাল বিজেপি সারা রাজ্যে রামনবমী পালন করে। ৪২ আসনের বিজেপি প্রার্থীরাই রামনবমীর মিছিলে ব্যস্ত সময় পার করেন। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতেই ছিল এই হাওয়া।
অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠার পরে গোটা দেশে এই উৎসবের নতুন নাম দিয়েছে পরিষদ ‘রামমহোৎসব’। ভোটের মধ্যেও গোটা দেশে ১৫ দিন ধরে সেই ‘মহোৎসব’ পালন করার কর্মসূচি রয়েছে। অযোধ্যায় গতকাল পালিত হয় রামচন্দ্রের সূর্যতিলক উৎসব। এটি সরাসরি সম্প্রচার করা হয়েছে।
গতকাল মোদি আসামের নলবাড়িতে নির্বাচনী প্রচার সারেন। বিজেপি প্রকাশিত ছবিতে দেখা যায়, ডিজিটাল মাধ্যমে বিমানে বসে অযোধ্যার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখছেন মোদি। একই দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসামের শিলচরে সভা করেন। ত্রিপুরায় সভা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। তবে তাদের প্রচার ছাপিয়ে বিজেপি রামমন্দির আর রামনবমীর আবেগ একাকার করেছে ভোটের সঙ্গে।
আসামের শিলচর থেকে মমতা বলেন, ‘তৃণমূল এবার আসামে চারটি আসনে লড়ছে। এটা তো সবে ট্রায়াল দেখছেন। ট্রায়াল দিতে এসেছি। ফাইনাল খেলা এখনো বাকি। আমি আবার আসব।’ আসামে আগামী বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। শিলচর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাধেশ্যাম বিশ্বাস। তার সমর্থনে ভোট চেয়েছেন মমতা। তিনি বলেন, ‘আপনারা আমাকে জেতান। আমার প্রার্থী রাধেশ্যাম এবং অন্যদের জেতান। আমি কথা দিচ্ছি, বিধানসভায় সব আসনে তৃণমূল প্রার্থী দেবে।’