গত মঙ্গলবার ফরিদপুরের কানাইপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন ও বুধবার ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় ১৪ জন প্রাণ হারানোর পর থেমে নেই সড়কে মৃত্যুর মিছিল। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশুসহ অন্তত পাঁচজন।
গতকাল কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কামালিয়ারচর এলাকায় বাসচাপায় প্রাণ হারিয়েছেন মামা-ভাগ্নে। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন। বুধবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় বাসচাপায় দুজন নিহত হয়েছেন। সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা ধাক্কায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া গতকাল দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে দুই বাসের চাপায় এক ট্রাফিক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তিনি ট্রাফিক ওয়ারী বিভাগের কর্মরত রয়েছেন। বিস্তারিত প্রাতনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
হবিগঞ্জে বাসচাপায় ২ জন নিহত: ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন নবীগঞ্জ উপজেলার মংলাপুর গ্রামের হাছান মিয়া (২৪) ও ছাদেক মিয়া (৪০)।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে উল্লিখিত স্থানে বিআরটিসির একটি বাস নষ্ট অবস্থায় রাস্তায় দাঁড়ানো ছিল। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে একটি পিকআপ ভ্যান এসে বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দেয়। পিকআপ ভ্যানটি উদ্ধারের জন্য স্থানীয় লোকজন এগিয়ে গেলে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস ওই দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাছান ও ছাদেক মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটিকে আটক করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জে বাসচাপায় প্রাণ গেল মামা-ভাগ্নের: কিশোরগঞ্জে বাসচাপায় প্রাণ হারিয়েছেন মামা-ভাগ্নে। গতকাল দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতরা হলেন বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের মামুনুর রশিদ মামুন (২৫) ও আশরাফুল ইসলাম (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া অনন্যা নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। রাস্তা ফাঁকা থাকায় চাপা দিয়ে দ্রুত বাসটি পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এরপর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আড়াইহাজারে ৩ বছরের শিশু নিহত : নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা ধাক্কায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। তার নাম আবিরা। গত বুধবার সন্ধ্যায় উপজেলার খাসেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আবিরা খাসেরকান্দি গ্রামের মোহাম্মদ মোশারফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবিরা বাড়ির পাশে রাস্তা পার হয়ে দোকানে যাওয়ার সময় একটি ইঞ্জিনচালিত অটোরিকশা ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত পৌনে ৮টায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবিরাকে মৃত ঘোষণা করেন।
দুই বাসের চাপায় ট্রাফিক কনস্টেবল আহত : রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে দুই বাসের চাপায় মো. মিঠুন (৪২) নামে এক ট্রাফিক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তিনি ট্রাফিক ওয়ারী বিভাগের কর্মরত। গতকাল দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি আশরাফ ইমাম জানান, দুপুরে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে ডিউটিরত ছিলেন মিঠুন। এ সময় তুরাগ পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।