প্রতিবেশি শেখ জামালকে কাঁদিয়ে জয়ে ফিরল আবাহনী

ঈদ ও নববর্ষের ছুটি কাটিয়ে মাঠে ফিরেই প্রতিবেশির বিপক্ষে জয় ফিরল আবাহনী ক্রীড়া চক্র। ম্যাচে এগিয়ে গিয়েও হার মেনে নিতে হয় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে। দুই প্রতিবেশি ক্লাবের প্রথম লেগের দেখায়ও শেখ জামালের বিপক্ষে জিতেছিল আবাহনী; এ মাঠেই স্টুয়ার্টের একমাত্র গোলে সেই বার জয় পায় আকাশি-নীল জার্সিধারীরা।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে শুক্রবার ২-১ গোলে জিতেছে আন্দ্রেয়াস ক্রুসিয়ানির দল। এদিন মোহাম্মদ আব্দুল্লাহ শেখ জামালকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান জোনাথন ফার্নান্দেস। পরে কর্নেলিয়াস স্টুয়ার্টের করা গোলটি আগলে রেখে ষষ্ঠ জয় তুলে নেয় লিগে ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নরা।

ফিরতি লেগের দেখায় শেখ জামালের শুরুটা ছিল আশা জাগানিয়া। ৮ম মিনিটে গতি দিয়ে রক্ষণের বাধা পেরিয়ে বলের নিয়ন্ত্রণ নেন আবু তোরে। নিজে শট নিতে সুবিধা করতে পারেননি, বল তিনি কাটব্যাক করেন আব্দুল্লাহর উদ্দেশে। বক্সে তখন আবাহনীর ছয় ডিফেন্ডার থাকলেও কেউ পাহারায় রাখেননি আব্দুল্লাহকে। বক্সের ঠিক উপর থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

ম্যাচের ২৮তম মিনিটে সমতায় ফেরে আবাহনী। কর্নেলিয়াসের জোরালো শট ব্লক করলেও পুরোপুরি পরিস্কার করতে পারেননি শাখজোত শাইমানোভ। সামনে থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দেস কাজে লাগান ওই সুবর্ণ সুযোগ। তিন বিদেশির পরিকল্পিত আক্রমণে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় আবাহনী।

ফার্নান্দেসকে বল বাড়িয়ে বক্সের দিকে দৌড় শুরু করেন ওয়াশিংটন ব্র্যান্ডাও। ফিরতি থ্রু পাস ধরে আগুয়ান গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতমকে কাটিয়েও ছিলেন, তবে বলের স্পর্শ জোরে হওয়ায় তা চলে যায় পাশ থাকা কর্নেলিয়াসের পায়ে। আলতো টোকায় ফাঁকা জালে বল জড়ান এ ফরোয়ার্ড।

১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে আবাহনী। ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ জামাল। দিনের অন্য ম্যাচে সৈয়দ কাজেম কিরমানির একমাত্র গোলে ১-০ ব্যবধানে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। ১১ পয়েন্ট শেখ রাসেলের।