যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনের জন্য বিশাল আর্থিক কর্মসূচি অনুমোদিত হয়েছে, যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ রাশিয়া। এ নিয়ে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে গতকাল রবিবার বলা হয়েছে, ভিয়েতনাম বা আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে পর্যুদস্ত হয়েছিল, ইউক্রেনেও একই পরিণতি হবে তাদের।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার অভিযোগ, ইউক্রেনকে সহায়তা দেওয়ার মাধ্যমে ওয়াশিংটন যেভাবে মস্কোর বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে জড়াচ্ছে, তাতে ভবিষ্যতে ভিয়েতনাম কিংবা আফগানিস্তান যুদ্ধের মতো পরিণতি ভোগ করবে। এটি স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র চাইছে, ইউক্রেন সর্বশেষ ইউক্রেনীয়কে দিয়ে হলেও রাশিয়ার মাটিতে হামলা থেকে শুরু করে বেসামরিকদের ওপর হামলাসহ যাবতীয় কিছু করুক।
জাখারোভা গতকাল আরও বলেন, ‘রাশিয়ার সঙ্গে হাইব্রিড যুদ্ধে ওয়াশিংটনের গভীরতরভাবে জড়িয়ে যাওয়ার বিষয়টি এমন একটি ব্যাপক ও অপমানজনক জায়গায় যাবে, যেখানে ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো ব্যর্থতার পরিণতি হবে তাদের।’