ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তা রিমান্ডে

সম্পত্তি দখল, অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের পৃথক দুই মামলায় ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তার জামিন বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত  উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

ট্রান্সকমের এই তিন কর্মকর্তা হলেন- কোম্পানির করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক ও অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।

বাদীপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিনজনের জামিন বাতিল করেন এবং মামলার তদন্ত কর্মকর্তার আগের রিমান্ড আবেদনের ওপর শুনানি নেন। শুনানি শেষে আদালত তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর গুলশান থানার এক মামলায় করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. কামাল হোসেন। একই থানায় আরেক মামলায় ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক ও অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেকের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন একই কর্মকর্তা। 

গত ২২ ফেব্রুয়ারি ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় তিনটি মামলা করেন। মামলায় গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ আনা হয়। এ ছাড়া তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। তিনটি মামলায় আত্মসমর্পণ করে সিএমএম আদালত থেকে তারা জামিন নিয়েছিলেন।

অভিযুক্তদের পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুল রহমান হাওলাদার ও সাবেক সভাপতি মিজানুর রহমান মামুন এবং মাহাবুব রহমান।