ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরও ১৪ দিন হেফাজতে থাকবেন। আগামী ৭ মে পর্যন্ত তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে ভারতের কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আদালত এই নির্দেশ দিয়েছে। আবগারি মামলায় দুর্নীতি মামলায় কেজরিওয়াল বর্তমানে তিহার কারাগারে বন্দি। আম আদমি পার্টির (আপ) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গত ২১ মার্চ গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তারের ঘটনাকে চ্যালেঞ্জ করে আদালতে যান তিনি। গত ১৫ এপ্রিল এই মামলা শুনলেও তাকে মুক্তি দেননি। দিল্লি হাইকোর্ট জানান, কেজরিওয়ালের সংশ্লিষ্টতা নিয়ে উপযুক্ত তথ্য উপস্থাপন করতে পেরেছে ইডি। তাই তাকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে পারবে সংস্থাটি।