তিন পার্বত্য উপজেলায় ভোট স্থগিত

বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানের কারণে পার্বত্য জেলা বান্দরবানের তিন উপজেলা থানচি, রোয়াংছড়ি ও রুমা উপজেলার ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পরে সুবিধাজনক সময়ে এ তিন উপজেলার ভোটগ্রহণ করতে চায় কমিশন। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ষষ্ঠ উপজেলা ভোটের প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার, জননিরাপত্তা বিভাগ, জনপ্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, পার্বত্য জেলা বান্দরবানে, বিশেষ করে রুমা, থানচি ও রোয়াংছড়িতে যৌথবাহিনীর অভিযান চলছে। গোয়েন্দা সংস্থাগুলোর সুপারিশের ভিত্তিতে আপাতত এ তিনটি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এ নির্বাচন করা হবে।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয় বলে জানান ইসি সচিব। তিনি বলেন, উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে এবার উপজেলা নির্বাচনে অন্য স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে বেশিসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হবে। চার ধাপে ভোট হওয়ায় জেলা পর্যায়ে সংশ্লিষ্টদের চাহিদা অনুযায়ী মোতায়েন করা হবে।

সুষ্ঠু ভোটের স্বার্থে উপজেলাভিত্তিক বিজিবি মোতায়েন করা হবে জানিয়ে ইসি সচিব বলেন, প্রতি উপজেলায় সর্বনিম্ন দুই প্লাটুন এবং সর্বোচ্চ চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোট সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই। একই দলের একাধিক প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন, এমনকি যেসব দল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে, তাদেরও প্রার্থী রয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে। ফলে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল : এদিন বিকেলে কমিশনের বৈঠক শেষে ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৫৫ উপজেলার নির্বাচন হবে আগামী ৫ জুন। এ সময় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থীর মৃত্যুজনিত কারণে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভোট স্থগিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন। তিনি বলেন, এই ধাপে ২ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। আর বাকি ৫৩ উপজেলা ব্যালটে।

ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচন ৫ জুন : একই সময়ে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে ৫ জুন। দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচনে আব্দুল হাইয়ের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

ইসি সচিব বলেন, উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে। এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।