সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতিকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তারা হলেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত তিন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন। গতকাল বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত তিন বিচারককে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
নবনিযুক্ত তিন বিচারপতিসহ দেশের সর্বোচ্চ আদালতে এখন বিচারকের দায়িত্ব পালন করবেন প্রধান বিচারপতিসহ আটজন।