কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উখিয়ার ২ নম্বর ক্যাম্পের মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দুল আমিন (৪৫) ওই ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন জানান, অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা রাত ৮টার দিকে ধারালো অস্ত্র দিয়ে সৈয়দুল আমিনের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’