দুর্নীতির অভিযোগ ইউক্রেনের কৃষিমন্ত্রী কারা হেফাজতে

দুর্নীতির অভিযোগে ইউক্রেনের কৃষিমন্ত্রী মিকোলা সলস্কিকে হেফাজতে নিতে গতকাল শুক্রবার পুলিশকে নির্দেশ দিয়েছে একটি আদালত। রাষ্ট্রের মালিকানাধীন ৭০ লাখ মার্কিন ডলার মূল্যে একটি জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন আদালত। ২০১৭ সাল থেকে ২০২১ সালের মধ্যে এই দুর্নীতির ঘটনা ঘটে। অবশ্য সলস্কি এই অভিযোগ অস্বীকার করেছেন। ২০২২ সালের মার্চে ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন সলস্কি। রায়ের আগের দিন গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। আইনসভায় তার পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। তার জামিনের জন্য আদালত জামানত নির্ধারণ করে দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শাসনামলে সলস্কিই প্রথম কোনো মন্ত্রী, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল।