রেসিপি দিয়েছেন : রুকমা দাক্ষা
চাল পটোল
উপকরণ
পটোল দুই ভাগ করে কাটা ১০টি, আলু চার টুকরা করে কাটা ৪টি, গোবিন্দভোগ চাল ৫০ গ্রাম, লবণ স্বাদমতো, চিনি ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া দেড় চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, নারিকেল কোরা আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, টমেটো ১টি, তেজপাতা ১টি, আস্ত জিরা ১ চা চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. সবজি ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর আলু ও পটোল ভেজে রাখুন।
২. কড়াইতে তেল গরম করে তাতে জিরা ও তেজপাতার ফোড়ন দিয়ে নিন।
৩. এবার একে একে সব মসলা, চাল ও নারিকেল কোরা দিয়ে কষাতে থাকুন। মসলা থেকে তেল ছড়ালে ভাজা আলু, পটোল ও পানি দিয়ে ঢাকনা দিন।
৪. সিদ্ধ হয়ে গেলে মাখা মাখা অবস্থায় নামিয়ে ওপরে ঘি ও গরম মসলার গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন।
করলা ঝুরি
উপকরণ
করলা পাতলা করে কাটা ২০০ গ্রাম, লবণ ১ চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, বেসন এক কাপের চার ভাগের তিন ভাগ, শুকনো মরিচ ২টি, পানি ২০০ মিলি, ঘি ১ টেবিল চামচ, সরিয়ার তেল ৬ টেবিল চামচ, কালো জিরা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, কাঁচামরিচ চেরা ৫টি।
যেভাবে তৈরি করবেন
১. করলায় লবণ মাখিয়ে রাখুন। একটি বাটিতে বেসন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও আদা বাটা দিন। এবার প্রয়োজন মতো পানি মিশিযে ঘন মিশ্রণ তৈরি করে নিন।
২. কড়াইতে তেল দিয়ে কালোজিরা ও শুকনা মরিচের ফোড়ন দিয়ে কেটে রাখা করলা চিপে পানি বের করে দিয়ে দিন।
৩. ভালো করে ভাজা হলে এবার বেসনের গোলাটা দিয়ে দিন। এবার সমানে নাড়তে থাকুন। যতক্ষণ না ঝুরা ঝুরা হয়। মাঝারি আঁচে রান্না করুন।
৪. যখন দেখবেন হয়ে এসেছে তখন ১ চা চামচ ঘি ও চেরা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
শসা পুদিনার স্মুদি
উপকরণ
শসা ১টি, পুদিনাপাতা ১৫টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, বিটলবণ সিকি চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মধু ২ চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, রবফ কুচি ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. শসার খোসা ফেলে ধুয়ে টুকরো করে কেটে নিন।
২. এবার ওপরের সব উপকরণ শসার সঙ্গে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
থোড় কুমড়া
উপকরণ
থোড় খুব ছোট করে কাটা ৫০০ গ্রাম, কুমড়া ডুমো ডুমো কাটা ৩০০ গ্রাম, গোবিন্দ ভোগ চাল ৫০ গ্রাম, নারিকেল কোরা ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, সরিষা তেল ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, চিনি ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, জিরা গুঁড়া দেড় চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৫টি, আস্ত জিরা ১ চা চামচ, তেজপাতা ২টি, আদা বাটা ২ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. থোড় লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করুন। কুমড়া লবণ ও হলুদ মাখিয়ে ভাজুন।
২. কড়াইতে তেল গরম করে জিরা ও তেজপাতার ফোড়ন ও নারিকেল কোরা দিয়ে ভালো করে ভাজুন। ভিজিয়ে রাখা চাল, জিরা গুঁড়া, আদা বাটা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়ে মসলা ভাজুন।
৩. মসলা কষানো হলে থোড় ও পরিমাণমতো পানি দিন। এরপর ঢাকনা দিয়ে রান্না করুন। থোড় ও চাল সিদ্ধ হলে কুমড়া দিয়ে কিছুক্ষণ রান্না করুন। ভেজা ভেজা হলে ঘি, গরম মসলা গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিন।