পিএসসি চেয়ারম্যান

প্রতিবছর একটি বিসিএস পরীক্ষা শেষ করার আশা

প্রতিবছর একটি বিসিএস পরীক্ষা শেষ করার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান (পিএসসি) মো. সোহরাব হোসাইন। গতকাল শুক্রবার ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘ আশা করছি, এর সুফল পাবেন চাকরিপ্রার্থীরা।’

গতকাল দেশের আট বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এবার ৩ হাজার ১৪০টি আসনের বিপরীতে প্রার্থী ছিলেন ৩ লাখ ৩৮ হাজার। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়।

পরীক্ষায় বসা হলো না ৪০ প্রার্থীর : পিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্র প্রবেশ করার কথা ছিল। তাই সকাল সাড়ে ৯টার পর কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে সারা দেশে পরীক্ষা দিতে পারেননি প্রায় ৪০ জন পরীক্ষার্থী।

গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ঢুকতে পারেননি ২০ জন পরীক্ষার্থী। ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্য, শিক্ষকদের অনুরোধ করেও লাভ হয়নি।

পরীক্ষার্থীদের ভাষ্য, পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান শিক্ষার্থীদের কোনোরকম সতর্ক না করেই ঠিক ৯টা ৩০ মিনিটে গেট বন্ধ করে দেওয়া হয়। এর এক মিনিটের মধ্যেই ভেতরে প্রবেশ করতে গেটের সামনে থাকা দায়িত্বরতদের আকুতি-মিনতি করেও লাভ হয়নি।

এদের মধ্যে একজন হলেন কুমিল্লার শাউলিনা। তিনি কুমিল্লা থেকে পরীক্ষা দিতে এসেছিলেন। ১৫ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলেও শেষ সময়ে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারেনি তিনি। শাউলিনা বলেন, আমি ৯টা ১৫ মিনিটে এই এলাকায় চলে এসেছি। ঠিক ৯টা ৩১ মিনিটে রাস্তায় গেটের সামনে ছিলাম। সর্বশেষও আমি দেখলাম ঢুকতে দিচ্ছে, তখন আমি বাচ্চাটাকে একপাশে বসিয়ে রেখে এসে দেখি গেট বন্ধ করে দিয়েছে। মূল গেটের দেয়াল টপকে দ্বিতীয় গেটে এসেছি, কিন্তু এখান থেকে ঢুকতে দেয়নি। ম্যাজিস্ট্রেটকে বারবার অনুরোধ করার পরও ঢুকতে দেননি।

সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, একই ঘটনা ঘটেছে সিলেট ব্লুবার্ড হাই স্কুল পরীক্ষা কেন্দ্রেও। ওই কেন্দ্রে সাড়ে ৯টার এক মিনিট পরে আসায় ২০ শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। পরে শিক্ষার্থীরা ওই কেন্দ্রের গেটে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে এর কারণ জানতে চান। তখন দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যকে ভুক্তভোগী শিক্ষার্থীদের ছবি তুলতে দেখা যায়।

রাজশাহীতে এক পরীক্ষার্থীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, পরীক্ষার্থীর নাম ফয়সাল ফাহাদ ফয়সাল। রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদের পেছনে মসজিদ মিশন একাডেমি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিলম্বের পরে পুলিশ সদস্যদের কাছে তিনি ভেতরে ঢোকার আকুতি জানান। এর মধ্যে তিনি পরীক্ষাকেন্দ্রের প্রধান ফটক টপকে হলে প্রবেশের চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশ তাকে বাধা দিয়ে ফের ফটকের বাইরে বের করে দেয়। এ সময় ফাহাদ রাস্তায় শুয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তখনো তিনি বার বার বলছিলেন ‘আমি মরে যাব, এই পরীক্ষা না দিতে পারলে আমি মরে যাব স্যার। আমি আর বাঁচব না।’

গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে সব মিলিয়ে ক্যাডার পদ রাখা হয়েছে ৩ হাজার ১৪০টি। এর মধ্যে জেনারেল ক্যাডারের পদ ৪৮৯টি। আর টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে পদ ২ হাজার ৭৪টি।

এই বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও ১৬ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।