গাড়ির ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ল শিশু

সড়কের পাশে এক বছরের শিশু সন্তান হুমায়ারাকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন মা হাবিবা বেগম। এ সময় দুটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে। একটি অটোরিকশা এসে মা হাবিবাকে ধাক্কা দেয়। এতে কোল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় শিশুটি। খালি হয় মায়ের কোল। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদরের মদিনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে বিভিন্ন স্থানে সড়কে প্রাণ হারিয়েছে আরও সাতজন। এর মধ্যে গতকাল বিকেলে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশের রাস্তায় বাসের ধাক্কায় এক তরুণী নিহত হয়েছেন। গতকাল সকালে বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে ময়মনসিংহ সদরের আলালপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত হন। দুপুরে মাদারীপুরে ট্রাক-বাস সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে।

বাগেরহাটের ট্রাকচাপায় তিনজন নিহত: বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যানের মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের আজাদ মোড়ল (৩২), একই গ্রামের সাঈদ মোড়ল (৪০) এবং কুমলাই গ্রামের মনি মল্লিক।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লাবণী পাল বলেন, রামপাল উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যানের মোড়ে ট্রাক দুর্ঘটনায় তিনজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়। এই তিনজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

রামপাল থানার ওসি সোমেন দাশ বলেন, খুলনা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারিচালিত ভ্যানকে সামনে থেকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা তিন আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে দম্পতি নিহত : ময়মনসিংহ সদরের আলালপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার কমল চৌহান (৬৫) ও তার স্ত্রী রত্না চৌহান (৫৫)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, বেলা ১১টার সময় ময়মনসিংহ সদরের আলালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী মারা যান এবং আহত হন আরও তিনজন।

মাদারীপুরে ট্রাক ও বাস সংঘর্ষে নিহত ১ : মাদারীপুরে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। তার নাম সবুজ সরকার (৬০)। তিনি পিকাপের ড্রাইভার বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলি গ্রামের লোহারডাঙ্গা এলাকার এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে  যাত্রীবাহী হানিফ পরিবহন ও ঢাকাগামী ট্রাকের চাকা বাস্ট হয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এবং স্থানীয় ও  পুলিশ এসে ঘটনাস্থল থেকে পিকাপের ড্রাইভারকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। এ সময় হানিফ পরিবহনে একাধিক যাত্রী আহত হয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান জানান,  ট্রাকের চাকা বাস্ট হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয়েছে আর পরিবহনের চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

রাজধানীতে বাসের ধাক্কায় তরুণী নিহত : রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশের রাস্তায় বাসের ধাক্কায় মেঘনা (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। গতকাল বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিজেকে ওই তরুণীর স্বামী পরিচয় দেওয়া নাঈম নামে এক তরুণ জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরিপুর থানার রঙ্গপুর গ্রামে। বর্তমানে সচিবালয় ৩নং গেট এলাকার পাশের রাস্তায় থাকেন তারা।

তিনি আরও জানান, তারা দুজন ভাঙ্গারি মালামাল সংগ্রহ করেন। বিকেলে জানতে পারেন, প্রেস ক্লাবের বিপরীত পাশের রাস্তায় একটি বাস তার স্ত্রীকে ধাক্কা দিয়েছে। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।