উত্তর প্রদেশের আমেথি ও রায়বেরেলি কেন্দ্র থেকে কংগ্রেস এখনো প্রার্থী ঘোষণা করেনি। গান্ধী পরিবারের সদস্যরাই এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। রাহুল গান্ধী আরও একবার প্রার্থী হবেন কি না, তা নিয়ে গুঞ্জন চলছে। আবার দুটির যেকোনো একটিতে প্রিয়াংকা গান্ধীও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে শোনা যাচ্ছে।
কংগ্রেস সূত্রের খবর, দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে আমেথি ও রায়বেরেলি থেকে প্রার্থী ঘোষণা করতে দলের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে আলাপ করার পরই এ বিষয়ে প্রার্থী ঘোষণা করবেন। এ নিয়ে রাহুল ও প্রিয়াংকার সঙ্গেও আলোচনা করবেন তিনি। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে অমেথি ও রায়বেরেলি নিয়ে আলোচনা হয়েছে। রাহুল গান্ধী এবার সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া লোকসভা কেন্দ্র রায়বেরেলি থেকে প্রার্থী হতে পারেন। প্রিয়াংকাকে স্মৃতি ইরানির বিরুদ্ধে অমেথি থেকে লড়তে পাঠানো হতে পারে।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে রাহুল আমেথি আসনে স্মৃতি ইরানির কাছে হেরে যান। আগামী ১ মে আসন দুটিতে মনোনয়ন জমা দিতে পারেন। আসন দুটিতে ভোটগ্রহণ ২৬ মে।