মাত্রই মোটরসাইকেল চালানো শিখেছেন শরিফুল ইসলাম রকি (১৯) নামে এক তরুণ। তার খালাতো ভাই কিনেছেন নতুন মোটরসাইকেল। গত শনিবার রাত ১১টার দিকে সেই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তিনি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কংক্রিটের পিলারে ধাক্কা লাগলে লাশ হয়ে যান। যশোরের মনিরামপুরে রাত পৌনে ১২টার দিকে যশোর-চুকনগর সড়কের আটমাইল এলাকায় এ দুঘটনা ঘটে। রকি উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়ার রবিউল ইসলামের ছেলে।
এদিকে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ আরও নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল রবিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন। কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হন। সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাওয়াক মোড়ে গাড়ি চাপায় এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। দুপুরে মাদারীপুরের কালকিনিতে বালুবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী এবং টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টর ও অটোরিকশা সংঘর্ষে যুবক মারা গেছেন। এর আগে গত শনিবার রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী এলাকায় মোটরসাইকেল আরোহী তিন যুবক প্রাণ হারান। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদাতাদের পাঠানো খবর :
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে লাঙ্গলবাধ-লাহিনীপাড়া সড়কে চাপড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার মো. সবুজ (২১) ও একই উপজেলার বাড়াদী উত্তরপাড়া এলাকার বিপ্লব হোসেন (৪২)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সবুজ মোটরসাইকেলে লাহিনীপাড়া থেকে সান্দিয়ারার দিকে যাচ্ছিলেন। আর বিপ্লব বিপরীত দিকে আসছিলেন। পথে চাপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন এবং সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনিও মারা যান।
মুরাদনগরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত : কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। তার নাম নূরুন্নাহার (৩৫)। গতকাল রবিবার দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন তিনজন।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, উপজেলার রামচন্দ্রপুর বাস স্টেশন থেকে ছেড়ে আসা টিপু ফ্যাশান নামে একটি বাস ও মুরাদনগর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে বাস ও সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বাস গাড়িচালক পলাতক রয়েছেন।
উল্লাপাড়ায় গাড়িচাপায় অটোভ্যানচালক নিহত : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাওয়াক মোড়ে গাড়িচাপায় এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম বিল্লাল হোসেন (২৮)। গতকাল রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক মতিউর রহমান জানান, অটোভ্যানচালক বিল্লাল হোসেন বাড়ি থেকে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের কাওয়াক মোড়ে পৌঁছালে তার ভ্যানের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়েন।
মাদারীপুরে ট্রলি উল্টে নিহত ১ : মাদারীপুরের কালকিনিতে বালুবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিল সরদার (৩৫) একই ইউনিয়নের পশ্চিম শিকারমঙ্গল গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনির শিকারমঙ্গল ইউনিয়নের বটতলা এলাকায় উল্টে গিয়ে ট্রলির ওপরে বসে থাকা হেলপার ট্রলি ও পাশের গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুস্মিতা রায় বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্ত এখানে আনার আগেই তার মৃত্যু হয়।
টাঙ্গাইলে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে যুবকের মৃত্যু : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাকিব মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে টাঙ্গাইল-দৌলতপুর আঞ্চলিক সড়কে উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব উপজেলার গয়হাটা ইউনিয়নের নরদহি গ্রামের শুকুর আলীর ছেলে।
নাগরপুর থানার ওসি এইচএম জসিম উদ্দিন বলেন, ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে অটোরিকশায় থাকা রাকিব ঘটনাস্থলেই নিহত ও চালক আহত হন। পুলিশ ট্রাক্টরটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।
সিলেটে মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত : সিলেটের জকিগঞ্জ উপজেলায় সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বারঠাকুরী গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৫), ব্যবসায়ী মঞ্জুর আহমদ (২৫) ও রেদওয়ান আহমদ (২৬)।
জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, রাতে মোটরসাইকেলে করে সোনাসার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিন যুবক। পথিমধ্যে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে একটি ট্রাক্টর দাঁড়িয়েছিল। এ সময় ট্রাক্টরটির পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জকিগঞ্জের রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নেওয়ার পর রেদওয়ান ও মঞ্জুরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আরোহী দেলোয়ারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে গত ১২ এপ্রিল জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়।