চিকিৎসকদের টাকার পেছনে না ছুটে জনগণের মন জয় করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, চিকিৎসকরা হলেন ওপরওয়ালার আর্শীবাদ। চিকিৎসকরা যে টাকার পেছনে দৌড়াবেন তা নয়, সততার সঙ্গে কাজ করে, সুন্দর ও ভালো ব্যবহারের মাধ্যমে রোগীসহ জনগণের মন জয় করে সম্মান অর্জন করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।
গতকাল রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এক অনুষ্ঠানে ডা. সামন্ত লাল সেন এসব কথা বলেন। ৪১তম বিসিএস (স্বাস্থ্য) ও বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের নবনিযুক্ত চিকিৎসক-কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী নিজের উদাহরণ টেনে বলেন, ভালো ব্যবহারের মাধ্যমে চিকিৎসাসেবা দিলে সম্মান পাওয়া যায়।
রোগীর প্রতি চিকিৎসকদের অবহেলা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করে দিয়েছেন ডা. সামন্ত লাল সেন। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, ‘মন্ত্রী হিসেবে আমার বয়স মাত্র সাড়ে তিন মাস। এই অল্প সময়ে আমি যেখানে গিয়েছি একটা কথাই বলেছি, আমি যেমন চিকিৎসকেরও মন্ত্রী, ঠিক তেমনি আমি রোগীদেরও মন্ত্রী। চিকিৎসকের ওপর কোনো আক্রমণ সহ্য করবেন না বলেও তিনি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম। এতে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানে যোগদান করেন ৪১তম বিসিএসের নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও কর্মকর্তারা।