নথি ফাঁস

ইরানি বাহিনীর হাতেই নিহত বিক্ষোভকারী তরুণী

ইরানে এক গোপন নথি ফাঁস হয়েছে। ২০২২ সালে ইরানের নিরাপত্তা বাহিনীর তিনজন কর্মীর হাতে শ্লীলতাহানির পর হত্যার স্বীকার হয়েছেন দেশটির এক তরুণী। ব্রিটিশ সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর থেকে সৃষ্ট বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তরুণীটিকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিবিসি জানায়, তখন মাহসা আমিনির মৃত্যুর কারণে ইরানে শুরু হয়েছিল সরকারবিরোধী বিক্ষোভ। ২০২২ সালের ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন ১৬ বছর বয়সী কিশোরী নিকা শাকারামি। কিন্তু একসময় বিক্ষোভ থেকেই নিখোঁজ হন তিনি। নয়দিন পরে মরদেহ পাওয়া গেলে ইরানের সরকার দাবি করে, নিকার মৃত্যু বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং ওই তরুণী আত্মহত্যা করেছে।

কিন্তু এত দিন পর গোপন নথি ফাঁসের কারণে জানা গেল, নিকা আত্মহত্যা করেনি। তাকে যৌন নিপীড়নের পর হত্যা করেছে খোদ নিরাপত্তাকর্মীরা! বিবিসির প্রতিবেদনে ফাঁস হওয়া নথিটি ‘অতি গোপনীয়’ বলে আখ্যা দেওয়া হয়েছে। নথিটি মূলত নিকার মৃত্যু নিয়ে করা এক মামলার বিবরণ।