‘ইভিএমে ত্রুটি প্রমাণ করতে পারলে নির্বাচন কমিশন থেকে আমরা সবাই পদত্যাগ করব’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেছেন, ‘ইভিএম নিয়ে বিভিন্ন সময় অভিযোগ তুলেছেন নির্বাচনের প্রার্থীরা। কিন্তু ইভিএমে ভোট হওয়ার পরে কোনোদিন দেখছেন কোনো জায়গায় মারামারি হইছে, ভোটের রেজাল্ট মানি না বলছে। এগুলো সব অযথা ভয়ের প্রচার। এটা ভূতের ভয়ের মতো, ভূত বলতে কিছুই নেই।’
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে সাধারণ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।
ইসি আলমগীর বলেন, ‘আমরা আশা করি উপজেলা পরিষদের তিনটি নির্বাচনই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। আমরা সব রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আপনারা আইটি এক্সপার্ট নিয়ে আসবেন। যদি প্রমাণ করতে পারেন ইভিএমে দোষত্রুটি আছে। তাহলে ইভিএম তো বাদ যাবেই, তার সাথে আমরাও পদত্যাগ করে সবাই চলে যাব।’
শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।