নাটোরের লালপুরের মনজুর রহমান মঞ্জু (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মনজুর রহমান মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে মনজুর রহমান মঞ্জু স্টেশন ফটকে রবিউল ইসলামের কনফেকশনারী দোকানে বসে ছিলেন। এসময় কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী এসে মঞ্জুর মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালপুর মুক্তার জেনারেল বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মঞ্জুরকে পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।