গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারির ঘটনায় দায়ের করা মামলায় বীর মুক্তিযোদ্ধা ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর শেখ (৭৬) একই উপজেলার শ্রীরামকান্দি গ্রামের আলতু শেখের ছেলে ও টুঙ্গিপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানায়, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা একটি মারামারির মামলায় তিনি ৬ নম্বর আসামি ছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
টুঙ্গিপাড়া থানা জানায়, গত ৩ জুন উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একটি মারামারির ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকার মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখসহ ১০ জনের নামে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন।