টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিরোধপূর্ণ জমি থেকে বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদ্রা ইউনিয়নে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
নিহত যুবকের নাম রাজিব হোসেন (৩০)। তিনি ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং ভাদ্রা গ্রামের মুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ভাদ্রা গ্রামের আজাহার ও রাজিবের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে বিরোধপূর্ণ ওই জমির একটি বেল গাছ থেকে বেল পাড়া নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিবকে কোপাতে শুরু করেন। এ সময় পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।
নাগরপুর থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, ঘটনাটি দুঃখজনক। সামান্য কারণে একটি প্রাণ ঝরে গেল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।