ফের বাংলাদেশে ঢুকল বিজিপি সদস্যসহ ৪০ জন

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) বেশ কয়েকজন সদস্যসহ এবার দেশটির ৪০ নাগরিক পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। গতকাল শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে তারা প্রবেশ করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পালিয়ে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে হেফাজতে নেন।

জানা গেছে, টেকনাফের সাবরাং ইউনিয়নের সীমান্ত দিয়ে ১৫ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমারের আরও ২৫ জন নাগরিক প্রবেশ করে। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সর্বশেষ গত ২৫ এপ্রিল মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের মধ্যে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৮৮ জন এবং সেনা, ইমিগ্রেশন ও অন্যান্য নাগরিকদের ফেরত পাঠায় বাংলাদেশ। তার আগে প্রথম ধাপে গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির কর্নেল মিও থুরা নউংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল ৩৩০ জনকে মিয়ানমার নিয়ে যায়।