বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘দেশে এখন মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষকে একই লাইনে চলতে বাধ্য করা হয়। যেখানে গণতন্ত্র নেই, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না। এমন অবস্থায় গণতন্ত্র রক্ষায় আগে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা দরকার।’
গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষে বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ আয়োজিত আলোচনা সভায় মঈন খান এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘আজকে জাতিসংঘের যে সিদ্ধান্তের কথা আমরা বলেছিÑ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, সেই মুক্ত গণমাধ্যমে দিবসের মূল প্রতিপাদ্য কী? সেটা কিন্তু জাতিসংঘের দলিলে লেখা আছে। মুক্ত গণমাধ্যমের মূল প্রতিপাদ্য বিষয় হলো অর্জিত গণতন্ত্র। এই গণতন্ত্রের কারণেই কিন্তু জাতিসংঘ মুক্ত গণমাধ্যমের কথা চিন্তা করেছে, ঘোষণা করেছে এবং পালনও করছে।’
সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জিয়াউর রহমান। তিনিই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। আজ আওয়ামী লীগ তাকে সৈনিক বলে সম্বোধন করে। একজন সৈনিক যদি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন, তাহলে আওয়ামী লীগ কেন গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দেয়?’
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এ সময় বিএফইউজে মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বিএফইউজের যুগ্ম মহাসচিব বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ : এদিকে গতকাল সকালে রাজধানীর বেইলি রোডে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না। তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না। দেশের এই পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান ডামি নির্বাচনের সরকার শেখ হাসিনা। তিনি এই পরিস্থিতি কেন করেছেন কারণ তিনি এ দেশের সম্রাজ্ঞী হয়ে থাকতে চান। ব্যাংক লুট করার জন্য, বিদেশে টাকা পাচার করার জন্য এসব করেছেন।’ এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবির প্রমুখ।
পবিত্র ওমরাহ পালন করেছেন মির্জা ফখরুল : এদিকে গত শনিবার এশার নামাজের পরে বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ওমরাহ পালন করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছান। মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব।