ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত করেছে হাইকোর্ট। গতকাল সোমবার এক সম্পূরক আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ওই নির্বাচন ২১ দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা এই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই গত ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। আসনটি শূন্য ঘোষণার পর ২৩ এপ্রিল নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ৫ জুন এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
একই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিকারী নজরুল ইসলাম দুলাল নির্বাচন স্থগিত চেয়ে গত ২৫ এপ্রিল হাইকোর্টে এ আবেদনটি করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) হিসেবে নির্বাচন করে হেরে যান।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। ইসির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান। অ্যাডভোকেট খালেকুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ইসি সিদ্ধান্ত দিলে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। তিনি বলেন, ‘মূল মামলাটি এখনো বিচারাধীন। এমন পরিস্থিতিতে এ আবেদনটি করা হয়েছে। সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ অনুযায়ী আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। অন্যদিকে গণপ্রতিনিধিত্ব আদেশের ৭০ বিধি অনুযায়ী বিবাদী মারা গেলে মামলা একতরফা নিষ্পত্তি করা যাবে। এখন উচ্চ আদালত কী সিদ্ধান্ত দেয় তার অপেক্ষায় থাকতে হবে।’
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মো. আব্দুল হাইকে (নৌকা প্রতীক) বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলে নজরুল ইসলাম দুলালের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি হাইকোর্ট আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেটের ওপর স্থগিতাদেশ দেয়। এরপর আপিল বিভাগের চেম্বার আদালত গত ২২ মার্চ হাইকোর্টের এই আদেশের ওপর স্থগিতাদেশ দিলে শপথ নিয়ে সংসদে যান আব্দুল হাই। তার মৃত্যুর পর আসনটি শূন্য হলে নির্বাচন স্থগিত চেয়ে এ সম্পূরক আবেদটি করেন নজরুল ইসলাম দুলাল।